ব্যাংকগুলোর নিজস্ব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে থাকা অর্থ একক গ্রাহকের সর্বোচ্চ ঋণসীমায় নামিয়ে আনার সময় আরও এক বছর বাড়ানো হয়েছে।
২০০৯ ও ’১০ সালে অতিমুনাফার আশায় ব্যাংকগুলো এই অর্থ শেয়ারবাজারে বিভিন্নভাবে খাটিয়েছিল। পরবর্তী সময়ে শেয়ারবাজারে বিনিয়োগ ও লেনদেন করতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের পৃথক সাবসিডিয়ারি গড়ে তোলা হয়। তখন খাটানো ওই অর্থ এসব প্রতিষ্ঠানের মূলধন ও ঋণ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু ঋণ হিসেবে দেখা যায় যে বিধান অনুসারে এই অর্থ একক গ্রাহকের জন্য নির্ধারিত সর্বোচ্চ ঋণসীমা অতিক্রম করে গেছে।
ফলে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ছাড়ের ব্যবস্থা করে। এই ঋণসীমায় সমন্বয়ের সময় কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ২০১৩ সাল নির্ধারণ করা হয়েছিল। গতকাল সোমবার আবারও নতুন করে এক বছর সময় বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান স্বাক্ষরিত এক নির্দেশনায় গতকাল নতুনভাবে আরও এক বছর সময় বৃদ্ধি করা হয়। তবে এ সময়ে একক গ্রাহকসীমার বাইরে কোনো নতুন বিনিয়োগ করা যাবে না।
আগের নিয়মে একক কোনো গ্রাহককে ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ৩৫ শতাংশ ঋণ দেওয়া যেত। তবে এ ক্ষেত্রে নন-ফান্ডেড বা গ্যারান্টি-জাতীয় কোনো অর্থায়ন সুবিধা দেওয়া হয়নি। ফলে সর্বোচ্চ ১৫ শতাংশ হচ্ছে সীমা।