ঋণ হিসাব অবসায়ন চায় ৩১ রুগ্ণ বস্ত্র-বয়নশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণ হিসাব অবসায়ন চায় ৩১ রুগ্ণ বস্ত্র-বয়নশিল্প
ঋণ হিসাব অবসায়ন চায় ৩১ রুগ্ণ বস্ত্র-বয়নশিল্প

নিজেদের ঋণ হিসাব অবসায়ন চেয়েছেন ৩১টি রুগ্ণ বস্ত্র-বয়নশিল্পের মালিকেরা। এসব বস্ত্র-বয়নশিল্প প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিল। এ ছাড়া রুগ্ণ শিল্প রক্ষায় আইন প্রণয়নের দাবিও জানান তাঁরা।
গতকাল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) নেতারা এসব দাবি জানান।
বিএসটিএমপিআইএর সভাপতি আজিজুল হক অভিযোগ করে বলেন, অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় বলা হয়েছিল যে কোনো জামানত লাগবে না। কিন্তু জামানত নেওয়া হয়েছে। আবার ভূমিদস্যুদের সঙ্গে মিলে ব্যাংক জামানতদারের সম্পত্তি জব্দ করার চেষ্টা করছে।
আজিজুল হকের মতে, অগ্রণী ব্যাংক সহযোগিতা না করায় এবং সুদ মওকুফে হেয়ালিপনায় ৩১টি রুগ্ণ শিল্প ধ্বংসের পথে চলে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি নীতি বাস্তবায়নে ১০৮টি বস্ত্রবয়ন ও প্রক্রিয়াকরণ শিল্পপ্রতিষ্ঠানকে বেইল আউটের সুযোগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। অগ্রণী ব্যাংক ছাড়া সব ব্যাংক সেই পদক্ষেপ নিয়েছে। কিন্তু অগ্রণী ব্যাংক বেইল আউট বাস্তবায়নে রহস্যজনকভাবে অনীহা প্রকাশ করছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিভিন্ন সমস্যার কারণে এক হাজার ৫৮৫টি শিল্পপ্রতিষ্ঠানকে রুগ্ণ হিসেবে চিহ্নিত করে সরকার। এর মধ্যে ১০৮টি শিল্পপ্রতিষ্ঠান বিএসটিএমপিআইএর তালিকাভুক্ত।
সংবাদ সম্মেলনে সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ফয়েজ উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।