ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সৈয়দ মাহবুবুর রহমান।
সৈয়দ মাহবুবুর রহমান।

২২ বছরে পা রাখতে যাচ্ছে বেসরকারি খাতের ঢাকা ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আট মাস ধরে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়া তিনি বর্তমানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান। ব্যাংক খাতের বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই ব্যাংকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুজয় মহাজন


প্রথম আলো: প্রথমেই জানতে চাই, এমডি হিসেবে ব্যাংক পরিচালনায় কতটুকু স্বাধীনতা ভোগ করেন?
সৈয়দ মাহবুবুর রহমান: দেখুন, দেশে সবক্ষেত্রে সুশাসনের সমস্যা রয়েছে। যার কারণে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বটি যথাযথভাবে পালন করতে পারি না। অনেক ক্ষেত্রে আইন-কানুন ও বিধিবিধান সম্পর্কে সঠিক ধারণার অভাবে কিছু কিছু কাজে ওভারল্যাপিং হয়। ধরা যাক, আমি একজন এমডি হিসেবে আমার কর্মকর্তাদের মধ্যে কাউকে কোনো দায়িত্ব দিলাম। পরবর্তী সময়ে তাঁকে যদি তাঁর মতো করে কাজ করার সুযোগ না দিই বা তাঁকে নানাভাবে প্রভাবিত করি তাহলে কিন্তু কাজটি সুন্দর ও সুষ্ঠুভাবে হবে না। তবে আমি আমার ক্ষেত্রে বলতে পারি, অনেকটাই স্বাধীনতা ভোগ করি। কীভাবে একটি ব্যাংক চলবে তার কিছু আইন-কানুন ও বিধিবিধান বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে। সেসব আইন-কানুন মেনে আমার দায়িত্বের মধ্যে যেটুকু করণীয় তা করার চেষ্টা করি। আমি মনে করি, আইন-কানুন ও নির্ধারিত দায়িত্বের মধ্যে থেকে একজন এমডি দায়িত্ব পালন করলে তাতে সমস্যা হওয়ার কথা নয়। যখনই এর বিচ্যুতি ঘটে সমস্যাগুলো তখনই তৈরি হয়।
প্রথম আলো: আপনি বলতে চাচ্ছেন আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। কিন্তু এমনটি তো ব্যাংক খাতে কম দেখা যায়।
মাহবুবুর রহমান: আমি প্রথম যখন ঢাকা ব্যাংকে যোগ দিই তখন আমার চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন, আপনি যেটা ভালো মনে করেন দৈনন্দিন কাজে সেটাই করে ফেলবেন। আর যেটা আপনার করণীয় নয়, সেটা বোর্ডের হাতে ছেড়ে দেবেন। তবে এ কথাও সত্য যে, আমরা এমডি বা প্রধান নির্বাহীরা অনেক সময় এমন কাজ করে ফেলি যেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আবার অনেক সময় বোর্ডকে না জানিয়েও অনেক কিছু করেছি। এমডি হিসেবে অনেক সময় নিজেদের সীমা অতিক্রম করে ফেলি। আবার এমন নজির আছে, বোর্ড একজন এমডিকে সর্বোচ্চ ক্ষমতা ও স্বাধীনতা দিয়েছে। কিন্তু কাজ করতে গিয়ে এমডি তালগোল পাকিয়ে ফেলেছেন। তখন বোর্ড হস্তক্ষেপ করে। কারণ, শেষ বিচারে বোর্ডই হচ্ছে ব্যাংকের জিম্মাদার। সুতরাং এককভাবে শুধু বোর্ডের হস্তক্ষেপের বিষয়টি দেখলে হবে না, এমডি হিসেবেও আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি িক না, সেটাও বিবেচনায় নিতে হবে।