ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশ করবে এসবিআই
ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) শিগগিরই ইচ্ছাকৃত ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশ করবে। খবর ইকোনমিক টাইমসের।খেলাপিদের এই নাম ও ছবি বড় বড় পত্রিকায় প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খেলাপিদের কাছ থেকে অর্থ উদ্ধারের মরিয়া চেষ্টা হিসেবে এই পথে যাচ্ছে এসবিআই।এসবিআইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে এই ধরনের পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হলো ঋণ নিয়ে ফেরত না দেওয়া বা খেলাপি হওয়াকে নিরুৎসাহিত করা। তবে কোনো খেলাপির নাম-ছবি প্রকাশের আগে তাঁর কাছে একটা নোটিশ পাঠানো হবে। আর শুধু যাঁরা ইচ্ছাকৃতভাবে খেলাপি, শুধু তাঁদের নাম-ছবিই প্রকাশ করা হবে।রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) বিধি অনুসারে, ঋণগ্রহীতার ঋণ পরিশোধের সক্ষমতা থাকার পরও যদি তিনি ঠিকমতো ঋণ পরিশোধ না করেন, তাহলে তাঁকে ইচ্ছাকৃত খেলাপি বলা যাবে।আবার যে কাজের জন্য ঋণ নেওয়া হলো, সেই কাজে না খাটিয়ে অন্যত্র ঋণের অর্থ ব্যবহার এবং তারপর ঋণ পরিশোধে ব্যর্থ হলেও ইচ্ছাকৃত ঋণখেলাপি বিবেচিত হবে।