ঋণখেলাপিরা জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন না
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে। দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, কোনো ব্যাংক, বিশেষায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করলে যেকোনো প্রার্থী জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও নারী সদস্য পদে নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন।
পরিপত্রে প্রার্থীদের ঋণখেলাপির তথ্য রিটার্নিং অফিসারদের কাছে পাঠাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে, যাতে মনোনয়নপত্র বাছাইয়ের আগে রিটার্নিং অফিসাররা এসব তথ্য বিবেচনায় নিতে পারেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, ঋণখেলাপি-সম্পর্কিত তথ্যের নির্ভুলতার দায়দায়িত্ব ব্যাংক কর্মকর্তাদের ওপর বর্তাবে। ঠিক তথ্য না দিলে বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। রিটার্নিং অফিসাররা চাইলে ব্যাংক কর্মকর্তারা প্রার্থীদের তথ্য দিতে বাধ্য থাকবেন বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।