ঋণখেলাপিরা বিমা কোম্পানিরও পরিচালক হতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপিরা বিমা কোম্পানিতেও পরিচালক হতে পারবেন না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর এবার বিমা কোম্পানির পরিচালক পদে যাতে কোনো ঋণখেলাপি থাকতে না পারেন, তার বিধান তৈরিতে সম্মত হয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো।এদিকে নিউ ন্যাশন কমার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রাঙামাটি এলাকায় উচ্চ মুনাফার লোভ দেখিয়ে অবৈধ ব্যাংকিং করছে। বাংলাদেশ ব্যাংক ও রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এক যৌথ তদন্তে বিধিবহির্ভূতভাবে সঞ্চয় সংগ্রহের প্রমাণ পেয়েছে। এই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলের মামলার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর (রেজসকো) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক যৌথ বৈঠকে গতকাল বুধবার এসব সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, আইডিআরএর চেয়ারম্যান শেফাক আহমেদ, রেজসকোর নিবন্ধক বিজনকুমার বৈশ্য, এমআরএর ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হকসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে ব্যাংকে ঋণপত্র খোলার সময় নৌ-বিমা সংক্রান্ত প্রত্যয়নপত্র (কভার নোট) কাস্টমসের পাশাপাশি আইডিআরএতে পাঠানো হবে।বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, কোনো ঋণখেলাপি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারেন না। এমনকি কোনো পরিচালক ঋণখেলাপি হলে তিনি পরিচালক পদ হারান। তবে বিমা কোম্পানিতে এ ধরনের কোনো বিধান নেই। এ কারণে তাঁদের ক্ষেত্রে এ ধরনের একটি নিয়ম করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিমাশিল্পে শৃঙ্খলা রক্ষায় ব্যাংকে ঋণপত্র খোলার সময় নৌ-বিমার ক্ষেত্রে কভার নোট কাস্টমসের পাশাপাশি আইডিআরএতে পাঠানোর দাবি এসেছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই ব্যাংকগুলোকে একটি নির্দেশনা দেবে।সুর চৌধুরী আরও বলেন, রেজসকো থেকে নিবন্ধন নিয়ে নিউ ন্যাশন কমার্স লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠান রাঙামাটি এলাকায় অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে। এদের নিবন্ধন দিলেও তাদের আইনে তা বাতিলের বিধান নেই। এ কারণে এদের কার্যক্রম বন্ধের জন্য শিগগিরই আদালতে মামলা করা হবে। এর বাইরে ব্যাংকগুলোর মতো অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোও যেন মুনাফার একটি অংশ সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয় করে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতিনিধিরা একমতও হয়েছেন।