ঋণখেলাপিরা বিমা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপিরা বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। এক পরিবারের দুজনের বেশি উদ্যোক্তা পরিচালক হতে পারবেন না কোনো বিমা কোম্পানিতে। পরিচালকদের হাতে রাখতে হবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার। তবে পরিবারের মোট শেয়ার ১০ শতাংশের বেশি থাকতে পারবে না।এসব শর্ত জুড়ে দিয়ে গতকাল বুধবার ‘বিমাকারীর নিবন্ধন প্রবিধানমালা, ২০১৩’ গেজেট প্রকাশ করেছে আইডিআরএ। এতে বলা হয়েছে, সাধারণ বিমা ও জীবন বিমা কোম্পানির লাইসেন্স পাওয়ার যৌক্তিকতা তুলে ধরে তবেই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে একটি সম্ভাব্যতা প্রতিবেদন জমা দিতে হবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছর ঘোষণা দিয়েছিলেন, ব্যাংকের মতো কয়েকটি বিমা কোম্পানিরও লাইসেন্স দেওয়া হবে। সে অনুযায়ী ৪৫০টি আবেদন জমা পড়েছে। এ থেকে বাছাই করে মন্ত্রণালয় ১০০ কোম্পানির তালিকা পাঠিয়েছে আইডিআরএর কাছে। কোম্পানিগুলোকে এখন নতুন করে আবেদন করতে হবে।প্রবিধানমালায় বলা হয়েছে, যেকোনো বিমা কোম্পানির লাইসেন্স পেতে হলে বিমা কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জীবনবৃত্তান্ত দাখিল করতে হবে আইডিআরএর কাছে। জমা দিতে হবে প্রস্তাবিত বিমা কোম্পানির উন্নয়ন ও সেবা বিভাগের প্রধান, অর্থ ও হিসাব, অবলিখন ও পুনঃবিমা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সমন্বয়, দাবি নিষ্পত্তি এবং তথ্যপ্রযুক্তি বিভাগে নিযুক্ত কর্মকর্তাদের জীবনবৃত্তান্ত ও নাগরিক সনদের অনুলিপি।প্রস্তাবিত বিমা কোম্পানির উদ্যোক্তাদের সভার কার্যবিবরণী, কোম্পানি গঠনের বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে চুক্তি, সম্পদের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি, সুবিধাবঞ্চিত এলাকা বা সম্প্রদায়ে সেবা পৌঁছে দেওয়ার কৌশল ইত্যাদি উল্লেখ করে পাঁচ লাখ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে হবে।আদালত কর্তৃক কোনো মামলায় শাস্তিপ্রাপ্ত হলে এবং চলতি বছরের আয়কর বিবরণী দাখিল না করলে উদ্যোক্তা হওয়া যাবে না। একটি বেসরকারি বিমা কোম্পানির এমডি নাম না প্রকাশের শর্তে বলেন, ‘প্রবিধানমালা অনেক কঠিন হয়েছে, তবে ভালো হয়েছে। চাইলেই কেউ লাইসেন্স পাবেন না।’ যোগাযোগ করলে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিধি অনুযায়ী যেকোনো বিমা কোম্পানির লাইসেন্স পেতে এখন নতুন করে আবেদন করতে হবে।’দেশে প্রথমবারের মতো বিমা কোম্পানির লাইসেন্স বিষয়ে প্রবিধানমালা প্রণীত হওয়ায় স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। তিনি বলেন, ‘অবশ্যই এটি একটি শুভ উদ্যোগ। কেউ বিমা কোম্পানির লাইসেন্স পেতে চাইলে নতুন নিয়মেই আবেদন করতে হবে।’