পুঁজিবাজারের উন্নয়নে ১৫ দফা সুপারিশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। গতকাল বৃহস্পতিবার সকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিএমবিএর নবনির্বাচিত কমিটির নেতারা লিখিতভাবে এসব সুপারিশ জমা দেন।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনার হেলালউদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান ও আবদুস ছালাম সিকদার উপস্থিত ছিলেন। বিএমবিএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি তানজিল চৌধুরী।
মার্চেন্ট ব্যাংকে এক কোটি টাকার বেশি ঋণগ্রহীতা যেসব বিনিয়োগকারী রয়েছে, তাদের একটি তথ্যভান্ডার (ডেটাবেইজ) তৈরির সুপারিশ করেছে বিএমবিএ। ঋণখেলাপি বিনিয়োগকারীরা যাতে অন্য মার্চেন্ট ব্যাংক থেকে নতুন করে ঋণসুবিধা নিতে না পারে, সেটি নিশ্চিত করতে এ ধরনের তথ্যভান্ডার ব্যবহার করা যেতে পারে।
এ ক্ষেত্রে ব্যাংকের মতো বিধান চালুর সুপারিশ করেছে মার্চেন্ট ব্যাংকগুলো। তারা বলছে, ব্যাংকের কোনো গ্রাহক ঋণখেলাপি হলে সেটি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবির মাধ্যমে শনাক্ত করা যায়। সেই সঙ্গে খেলাপি ব্যক্তিরা অন্য ব্যাংক থেকে ঋণসুবিধা নিতে পারে না। পুঁজিবাজারেও এ ধরনের ব্যবস্থা চালুর প্রস্তাব করে বিএমবিএ বলছে, গ্রাহকদের ঋণসুবিধা দিয়ে অনেক মার্চেন্ট ব্যাংক এখন সেসব ঋণ উদ্ধার করতে পারছে না। ফলে প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মধ্যে পড়েছে।
বিএমবিএর সুপারিশে মার্চেন্ট ব্যাংকের প্রাতিষ্ঠানিক করহার কমানো এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রান্তিক আর্থিক প্রতিবেদনের পুরোটি স্টক এক্সচেঞ্জ ও বিএসইসির ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়।
এ ছাড়া মিউচুয়াল ফান্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে ফান্ডের শেয়ার ধারণসংক্রান্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক এবং নিশ্চিত করার সুপারিশ করা হয়। বিএমবিএ বলছে, বর্তমানে হাতে গোনা কয়েকটি মিউচুয়াল ফান্ডের খাতভিত্তিক বিনিয়োগ তথ্য প্রকাশ করা হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের বার্ষিক প্রতিবেদন ও ওয়েবসাইটে শেয়ার ধারণসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় না। এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে শেয়ার ধারণসংক্রান্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন মার্চেন্ট ব্যাংকাররা।
এ ছাড়া অধিকারমূলক (রাইট) শেয়ার, বুক বিল্ডিং পদ্ধতি, আইপিও কোটা পুনর্বিন্যাস, ওটিসি বাজারে তালিকাভুক্ত কোম্পানির বিশেষ নিরীক্ষার জন্যও সুপারিশ করেছে এই সংগঠনটি।