বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের ঝুঁকি কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে আনা প্রয়োজন। এ জন্য ব্যাংকারদের ঝুঁকি-সংক্রান্ত বিশেষ জ্ঞান অর্জন করতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মতই উঠে এসেছে।
রাজধানীর তেজগাঁওয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইসিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কর্মশালার উদ্বোধনকালে আইসিসিবির ব্যাংকিং, টেকনিক ও প্র্যাকটিসেস-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এ রুমী আলী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণ কার্যক্রম পরিচালনায় এখন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ব্যাংকগুলো যে ধরনের ঝুঁকি মোকাবিলা করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঋণের ঝুঁকি। আবার এ ঋণ থেকে পাওয়া আয়ই বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান আয়ের উৎস। তাই ঋণের যথাযথ ব্যবস্থাপনা না হলে ব্যাংকের মুনাফাও প্রভাবিত হয়। ব্যাংকারদের ঝুঁকি-সংক্রান্ত বিশেষ জ্ঞান আহরণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
কর্মশালায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আনিস এ খান বলেন, প্রশিক্ষণ ছাড়া দক্ষ ব্যাংকার হিসেবে আত্মপ্রকাশের কোনো বিকল্প নেই। ব্যাংকারদের প্রশিক্ষিত করার জন্য দেশে-বিদেশে আইসিসিবির বিভিন্ন কর্মশালা আয়োজনের প্রশংসা করেন তিনি।
কর্মশালায় আরও বক্তব্য দেন আইসিসিবির মহাসচিব আতাউর রহমান।
আয়োজকেরা জানান, কর্মশালায় ৭৫ জন ব্যাংকার অংশ নেন। একই বিষয়ের ওপর আরেকটি কর্মশালা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। ওই কর্মশালায় ৪০ জন ব্যাংকার অংশ নেবেন।