ঋণপত্র ছাড়াই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির বিশেষ সুযোগের কথা বাজেট প্রস্তাবে রয়েছে। অর্থমন্ত্রী বাজেট-বক্তৃতায় এই সুযোগ দেওয়ার কথা বলেছেন। অধিকতর সরবরাহে উৎসাহিত করে দ্রব্যমূূল্য সহনীয় রাখার উদ্যোগ হিসেবেই সুবিধাটি দিয়েছে সরকার।খাদ্যপণ্য আমদানির জন্য ছোট ও মাঝারি ঋণপত্র খুলতেও আমদানি-মূল্যের শতকরা ৫ থেকে ২০ শতাংশ মার্জিন রাখতে হয়। এসব ঋণপত্রের অঙ্ক ১-২ কোটি ডলার বা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া খুবই সাধারণ বিষয়। তাই বিশাল বিনিয়োগ প্রয়োজন। সেদিক থেকে নতুন সুবিধা দেওয়া হলেও ব্যাংকিং সূত্রগুলো বলছে, সুযোগটি এখনো কাগুজে, ব্যবহার শুরু হয়নি। আবার অনেক আমদানিকারকই এ সুবিধার কথা জানেন না।দুটো বিষয় কাজ করছে এ ক্ষেত্রে। যেমন, অনেকের ধারণা, যেখানে দেশের ব্যাংকগুলোর ঋণপত্র বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়া বিদেশিরা গ্রহণ করে না, সেখানে কি ঋণপত্র বা এলসি ছাড়া পণ্য দেবেন? দ্বিতীয়ত, অনেকের ধারণা, কাগজে থাকলেও সত্যি সত্যিই ঋণপত্র ছাড়া খাদ্যপণ্য আমদানি করতে গেলে ছাড়পত্র পাওয়া যাবে না বা কাস্টমে নানা ঝামেলায় পড়বেন।খাতুনগঞ্জের কমোডিটি ইনডেন্টিং হাউস হুমা করপোরেশনের হাসান শহিদ বললেন, ঋণপত্র ছাড়া পণ্য আমদানি-রপ্তানি সারা দুনিয়াতেই ‘ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট’ হিসেবে প্রচলিত। অন্য সব খাতের মতো বাংলাদেশের আমদানিকারকদেরও ইমেজ-সংকট। তাই ঋণপত্র ছাড়া তাঁরা রপ্তানিকারকের আস্থা পাবেন না। এটিই স্বাভাবিক।শীর্ষ অনেক খাদ্যপণ্য আমদানিকারককে অর্থায়ন করেন, এমন একটি বিদেশি ব্যাংকের ঢাকায় একজন কর্মকর্তার মতে, ঋণপত্র ছাড়া আমদানির সুযোগটি কার্যকর করতে হলে সরকারকে আরও কাজ করতে হবে। একটি সার্কুলার বা ওয়েবসাইটে একটি নোটিশ দিলেই দায়িত্ব শেষ নয়। খাদ্যপণ্য রপ্তানিকারক বিভিন্ন দেশের সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও বাংলাদেশি আমদানিকারকের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোর সহায়তা নিতে হবে। কেউ যাতে এ সুযোগের অপব্যবহার করে বিদেশি সরবরাহকারীদের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নষ্ট না করে, সেটি দেখারও দায়িত্ব সরকারের।কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয়ের মতো কোনো সংস্থার আওতায় সার্বক্ষণিক একটি সেল এই আমদানি ও মূল্য পরিশোধব্যবস্থা পর্যবেক্ষণ করলে বিদেশি সরবরাহকারীরা আস্থা রাখতে শুরু করবেন।বাংলাদেশে চাল ছাড়া অন্য সব খাদ্যপণ্যের সরবরাহ সিংহভাগই আমদানিনির্ভর। ১৬ কোটি ভোক্তার বিশাল বাজারটিতে দৃষ্টি আছে অস্ট্রেলিয়া থেকে ব্রাজিল, কানাডা থেকে ইউক্রেন—সব দেশের রপ্তানিকারকদের। গম, ডাল, গুঁড়ো দুধ, মসলাসহ বার্ষিক হাজার হাজার কোটি টাকার আমদানি করা খাদ্যপণ্যের বাজারটি তাদের কাছে লোভনীয়। আমদানিতে ব্যাংকের লগ্নি করা টাকার উচ্চ সুদে খাদ্যপণ্যের দাম বাড়ে—এমনটি সব সময় বলে আসছেন ব্যবসায়ীরা। তাই গত বছর বাজেটের আগে সরকার খাদ্যপণ্য আমদানিতে সুদের হার সর্বোচ্চ শতকরা ১২ ভাগে নির্ধারণ করে দিয়েছিল। আর বিনা সুদে খাদ্যপণ্য আমদানির সুযোগটিও ব্যবহূত হচ্ছে না এখন।বিশ্বের সর্ববৃহৎ তিনটি কৃষিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি এডিএম। এর সঙ্গে ব্যবসা করেন এমন একটি প্রতিষ্ঠানের এক শীর্ষকর্তা জানালেন তাঁর অভিজ্ঞতা। বাংলাদেশি প্রতিষ্ঠানটির কেনাকাটা ও মূল্য পরিশোধব্যবস্থা পর্যবেক্ষণ করেই কয়েক বছর আগে একটি বিদেশি ব্যাংককে প্রস্তাব দেয় যে, তারা এমন কিছু সরবরাহকারী জোগাড় করে দিতে পারবে, যারা ঋণপত্র ছাড়াই পণ্য দেবে। ‘দেশে তখনো তেমন নির্ভরযোগ্য ক্রেতার সঙ্গে কাজ শুরু করিনি। তাই সুযোগ নিতে অনাগ্রহী ছিলাম’, বললেন ওই কর্তা।বাংলাদেশে এখন কমপক্ষে দুই ডজন খাদ্যপণ্য আমদানিকারক আছেন, যাঁদের প্রতিষ্ঠানগুলোর প্রতিবছরের আমদানি স্বতন্ত্রভাবেই ১০০ মিলিয়ন মার্কিন ডলার থেকে পাঁচ-সাত শ মিলিয়ন ডলার, যা টাকার অঙ্কে পাঁচ হাজার কোটিও ছুঁয়ে যায়। তাঁদের ওপর আস্থা আছে বিশ্বের অনেক রপ্তানিকারকের। এলসিবিহীন খাদ্যপণ্য সংগ্রহে তাঁদের সবার অর্থায়ন-ব্যয় কমতে পারে।আবার বিদেশি সরবরাহকারীদের সঙ্গে মিলে খাদ্যপণ্য এনে বন্দরের কাছে মজুদ করেও বিক্রি করতে পারে বাংলাদেশে। দুবাই, সিঙ্গাপুর, রটারড্যাম বন্দরগুলোর কাছে এমন কমোডিটি ওয়্যারহাউস বা আন্তর্জাতিক শস্যগুদাম আছে। উৎপাদনকারী দেশগুলো থেকে এসব গুদামে খাদ্যশস্য এনে মজুদ করা হয়, বাজার বুঝে বিক্রি হয় সেই দেশে এবং রপ্তানি হয় কাছাকাছি দেশগুলোতে। এমন গুদাম যেখানে থাকে, সে দেশে স্থানীয় উৎপাদন কম হলেও সরবরাহ-সংকটের ঝুঁকি কমে যায় অনেকাংশে। চট্টগ্রাম না হোক, মংলা বন্দরের কাছেও এমন অনেক ‘কমোডিটি ওয়্যারহাউস’ স্থাপিত হতে পারে।