জনতা ব্যাংকের দুবাই শাখায় সাড়ে ১২ লাখ ডলারের ঋণপত্র জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের দুই দফা তদন্তের পরও প্রধান অভিযুক্ত ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধান নির্বাহী শফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে আজ রোববার ব্যাংকের ডিসিপ্লিনারি কমিটির একটি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। আর জুলাই মাসে অভিযুক্ত কয়েকজন কর্মকর্তাকে মৌখিকভাবে শুনানিতে ডাকা হয়েছিল।
জানা গেছে, প্রথমবার বাংলাদেশ ব্যাংক অনিয়মের তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও জনতা ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি। পরে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বারবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও জনতা ব্যাংক তা আমলে নেয়নি। এরপর গত বছর আরেক দফা তদন্ত করে বাংলাদেশ ব্যাংক। এই তদন্তেও জনতা ব্যাংকের আমিরাতের প্রধান নির্বাহী শফিকুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, প্রথমবার তদন্তে শফিকুল ইসলাম, দুবাই শাখার তৎকালীন ব্যবস্থাপক আবদুল মোমেন ও কর্মকর্তা মো. শাহাবুদ্দীনকে দায়ী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও জনতা ব্যাংক তা আমলে নেয়নি। এরপর অর্থ মন্ত্রণালয় থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার পরও জনতা ব্যাংক কর্তৃপক্ষ শফিকুল ইসলামের বিষয়ে গড়িমসি করতে থাকে।