ঋণপত্রের প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বিজনেস ইনস্টিটিউটে ‘আমদানি-রপ্তানিতে ঋণপত্রের প্রক্রিয়া’ শীর্ষক এক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স গত বুধবার শেষ হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মনোনীত হয়ে এবং ব্যক্তিগতভাবে মোট ২৪ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নেন। ঢাকা চেম্বার থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রশিক্ষণার্থীদের ঋণপত্র খোলা ও নিষ্পত্তিকরণ কৌশল, বিভিন্ন ধরনের ঋণপত্র ও এর সঙ্গে জড়িত বিভিন্ন বিষয়, ব্যাক টু ব্যাক ঋণপত্র, বিল অব এক্সচেঞ্জ, আমদানি বিলের রিটায়ারমেন্ট, এক্সপোর্ট ফাইনান্সিং, প্রি-শিপমেন্ট ফাইন্যান্স, ঋণপত্রের অধীন প্রি-শিপমেন্ট ও পোস্ট-শিপমেন্ট রপ্তানি অর্থায়ন এবং ঋণপত্রের অধীন রপ্তানি বিল পরিশোধের ধরনসহ বিভিন্ন বিষয়ের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বুধবার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ডিসিসিআইয়ের পরিচালক আবদুস সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেক পরিচালক মোক্তার হোসেন চৌধুরী।