
বিভিন্ন দেশে ফ্যাক্টরিং এখন বেশ জনপ্রিয়। দেশের ভেতরে কিছু ক্ষেত্রে ফ্যাক্টরিং চালু হয়েছে। তবে বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে একে জনপ্রিয় করতে আন্তর্জাতিক মানের নীতিমালা ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রাজধানীর একটি হোটেলে ‘বৈদেশিক বাণিজ্যের জন্য আন্তর্জাতিক ফ্যাক্টরিং’ শীর্ষক এক সেমিনারে গতকাল রোববার ব্যবসায়ীরা এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও নেদারল্যান্ডসের সংস্থা ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনাল (এফসিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
ফ্যাক্টরিং হলো এমন একটি আর্থিক প্রক্রিয়া, যেখানে কোনো প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের আগেই তৃতীয় পক্ষের কাছ থেকে পণ্যমূল্যের বড় অংশ আগাম গ্রহণ করে। এ ক্ষেত্রে পণ্য সরবরাহ শেষ হলে বাকি অর্থ পরিশোধ করা হয়। এ জন্য তৃতীয় পক্ষ একটি কমিশন পায়। এ তৃতীয় পক্ষই ফ্যাক্টর নামে পরিচিত।
ফ্যাক্টরিং হলো ঋণপত্রের (এলসি) বিকল্প একটি ব্যবস্থা।
সেমিনারে সভাপতিত্ব করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থার পাশাপাশি ফ্যাক্টরিং চালু করা প্রয়োজন। এই প্রক্রিয়া চালু হলে আমদানিতে খরচ কমবে এবং রপ্তানিও বাড়বে। তবে ফ্যাক্টরিং চালু করতে কিছু আর্থিক নীতিগত বিষয় সংশোধনের প্রয়োজন হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে একটি কমিটি করার আহ্বান জানান তিনি।
সেমিনারের অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, ব্যবসা-বাণিজ্যের একটি আধুনিক পদ্ধতি হচ্ছে ফ্যাক্টরিং। বিশ্বে এ পদ্ধতির ব্যাপক প্রসার ঘটেছে। তিনি বলেন, নিয়মকানুনে কিছু পরিবর্তন আনায় নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্যাক্টরিং হচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে এটি চালু করতে হলে কী কী সমস্যা দেখা দিতে পারে, সেসব চিহ্নিত করে আলাপ-আলোচনার মাধ্যমে এগোতে হবে।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধূরী বলেন, সহজভাবে ব্যবসা করে লাভবান হওয়ার জন্য ফ্যাক্টরিং প্রয়োজন। এ ব্যবস্থা প্রচলনের জন্য দেশের ব্যবসায়ীদের উদ্যোগী হতে হবে। এ জন্য সরকারের বিভিন্ন সংস্থাকে নীতি-সহায়তা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এফসিআইয়ের চেয়ারম্যান ডেনিয়েলা বোনজানিনি বলেন, বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতি কয়েক দশক ধরেই বড় হচ্ছে। আর দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাতের পাশাপাশি সিরামিক, চামড়া, ওষুধ এবং অন্যান্য খাতে চলতি মূলধন বাড়াতে ফ্যাক্টরিং বেশ কার্যকর হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তবে আন্তর্জাতিক বাণিজ্য নিয়মকানুন মেনে করতে হচ্ছে। এ ক্ষেত্রে কোনো পদ্ধতি চালু করতে হলে বিষয়গুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ব্যবসায়ীরাও ঋণপত্রের পাশাপাশি ফ্যাক্টরিং সম্পর্কে জানছেন। এই পদ্ধতি ব্যবসার জন্য সহায়ক হলে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
সেমিনারে আইসিসিবির একটি স্থায়ী কমিটির সভাপতি ও ব্যাংকার মোহাম্মদ এ. (রুমী) আলী, বিআইবিএমের পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জী, এডিবির জ্যেষ্ঠ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সাবেক সভাপতি লতিফুর রহমান এবং আমেরিকান চেম্বার ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব-উল ইসলাম প্রমুখ।