ঋণপত্রের মূল্য পরিশোধে ব্যাংকের গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক রপ্তানি ঋণপত্রের বিপরীতে প্রদেয় বিল যথাসময়ে পরিশোধ করছে না। বরং আদালতে মামলার অজুহাত দেখিয়ে এসব বিল পরিশোধে গড়িমসি করা হচ্ছে। অথচ মামলা থাকলেও অনেক ক্ষেত্রে বিল পরিশোধে আদালতের কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই।বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সম্প্রতি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষস্থানীয় নির্বাহীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স সভায় এই প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কারণ দেখিয়ে রপ্তানি ঋণপত্রের বিপরীতে যথাসময়ে প্রদেয় বিল পরিশোধ করে না। এসব কারণের মধ্যে আছে, বিলমূল্য পরিশোধে আদালতের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ বা রুল জারি থাকা; আদালতে মামলা থাকা ও মূল্য পরিশোধের বিপক্ষে ব্যাংকের আইনজীবীর মতামত থাকা; মূল্য পরিশোধের ক্ষেত্রে ফোর্স লোন সৃষ্টি করার জন্য প্রধান কার্যালয়ের অনুমোদনের আবশ্যকতা এবং পণ্যের গুণগত বা পরিমাণগত বিষয় নিয়ে বিরোধের ফলে আমদানিকারক কর্তৃক মূল্য পরিশোধ না করার অনুরোধ।বাংলাদেশ ব্যাংক মনে করে, আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকলে বর্ণিত অন্য কারণগুলোয় ঋণপত্রের মূল্য পরিশোধ স্থগিত রাখা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। আবার ফোর্সড লোন সৃষ্টিতে প্রধান কার্যালয়ের অনুমোদনের আবশ্যকতার অজুহাতে নির্দিষ্ট তারিখে মূল্য পরিশোধ না করা বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিমালার সংশ্লিষ্ট নির্দেশনার পরিপন্থী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর জানুয়ারি মাস শেষে মামলা থাকার কারণে অভ্যন্তরীণভাবে ৯০টি ও বিদেশি ৭২টি বিলের মূল্য অপরিশোধিত আছে। বাংলাদেশ ব্যাংক থেকে সময় সময় বিলের তালিকা সংশ্লিষ্ট ঋণপত্র প্রদানকারী ব্যাংক বরাবর প্রেরণ করে বিলমূল্য পরিশোধ করার পরামর্শ দেওয়া হলেও তা অনুসরণ করা হয়নি।মামলার কারণে অপরিশোধিত বিলগুলোর অবস্থা পরীক্ষা করে কেন্দ্রীয় ব্যাংক দেখেছে যে, দায়ের করা অধিকাংশ মামলার ক্ষেত্রে বিলমূল্য পরিশোধে আদালতের কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ঋণপত্রের বিপরীতে ব্যাংক কর্তৃক স্বীকৃত বিল পরিশোধে নিষেধাজ্ঞার আবেদন করে আমদানিকারকেরা আদালতে মামলা দায়ের করলেও মূল্য পরিশোধের ওপর কার্যত কোনো প্রতিবন্ধকতা নেই। কারণ হিসেবে এতে বলা হয়েছে, ঋণপত্র হলো ইস্যুকারী বা প্রদানকারী ব্যাংক এবং সুবিধাভোগীর (এ ক্ষেত্রে রপ্তানিকারক) মধ্যে স্থাপিত সম্পূর্ণ স্বাধীন একটি চুক্তি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিলপত্র সঠিক প্রতীয়মান হলে ঋণপত্র প্রদানকারী ব্যাংক যথাসময়ে সমঝোতাকারী (নেগোশিয়েটিং) ব্যাংককে মূল্য পরিশোধ করতে বাধ্য।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্রেতা ও বিক্রেতার মধ্যে কোনো বিরোধের কারণে ঋণপত্রের মূল্য পরিশোধ থেকে ব্যাংককে বিরত রাখা যায় না। কেন্দ্রীয় ব্যাংক আরও মনে করে, কোনো কোনো ক্ষেত্রে আদালতে সঠিক তথ্য না দিয়ে বা আদালতকে বিভ্রান্ত করে আদালতের কাছ থেকে নিষেধাজ্ঞা আনয়ন করা হয়। আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা, স্থগিতাদেশ বা স্থিতাবস্থা না থাকার পরও শুধু মামলার কারণে ঋণপত্রের বিপরীতে বিপুলসংখ্যাক সাইট বা স্বীকৃত বিল অপরিশোধিত থাকাকে উদ্বেগজনক মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।আর তাই আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ না থাকলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রচলিত নিয়ম মেনে নির্ধারিত সময় ঋণপত্রের জন্য প্রদেয় মূল্য পরিশোধ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। বিলমূল্য পরিশোধে আদালতের নিষেধাজ্ঞা বা এ জাতীয় কোনো আদেশ থাকলে তা দ্রুত খারিজ করানোর জন্য উচ্চ আদালতে বা হাইকোর্টের আপিল বিভাগে আপিল করারও সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে।