রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ঋণমান কমেছে রাশিয়ার, অর্থ তোলায় সীমা আরোপ
কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পরপরই রাশিয়ার সব এটিএম বুথে গ্রাহকদের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত রুশ সরকার। যত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে, তার দায়ও গিয়ে পড়ছে নাগরিকদের ওপর। ব্যাপক চাপের মুখে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের ব্যাংক থেকে অর্থ তোলার সীমা বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর এর ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রুশ নাগরিকদের। এ নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
বেলারুশের সংবাদ সংস্থা নেক্সটার প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার ব্যাংকগুলোকে ইতিমধ্যে গ্রাহকদের অর্থ তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন বিধান অনুযায়ী, গ্রাহকেরা বিদেশি মুদ্রার হিসাব থেকে ১০ হাজার ডলারের বেশি অর্থ তুলতে পারবেন না। বাকি টাকা তুলতে গেলে রুবলে তুলতে হবে এবং তা বর্তমান বাজারদর অনুযায়ী।
আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি মুদ্রা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে সে দেশের কোনো ব্যাংক গ্রাহকদের কাছে বিদেশি মুদ্রা বিক্রি করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পরপরই রাশিয়ার সব এটিএম বুথের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। জরুরি অবস্থা জারি হলে যে পরিস্থিতি সৃষ্টি হয়, সরকারের এই সিদ্ধান্তে নাগরিকদের মধ্যে তেমনই শঙ্কা তৈরি করেছে। ফলে সবাই এখন এটিএম বুথমুখী হচ্ছেন।
ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকেই রাশিয়ার ওপর নানা রকম নিষেধাজ্ঞা দিয়ে চলেছে পশ্চিমা দেশগুলো। অনেকে বলছেন, অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করে দেওয়ার জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক দুনিয়া থেকে রাশিয়ার ব্যাংকিং পরিষেবা বিচ্ছিন্ন করে দিতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। সামরিক অভিযানের ১০ দিনের মধ্যে রাশিয়ার ওপর আড়াই হাজারের বেশি নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। মোট সাড়ে পাঁচ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা ঝুলছে পুতিনের মাথার ওপর। এ রকম পরিস্থিতিতে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় ঘরের ভেতরেই পুতিন আরও চাপের মুখে পড়বেন বলে মনে করছে কূটনৈতিক মহল।
ব্যবসা গোটাচ্ছে বহুজাতিকেরা
এদিকে নতুন করে রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে কোকাকোলা, পেপসিকো ও ম্যাকডোনাল্ডসের মতো বহুজাতিক কোম্পানিগুলো। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে ইতিমধ্যে নেটফ্লিক্স, লিভাইসের মতো পশ্চিমা বহুজাতিক রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি কোক, পেপসি এবং খাদ্য ও পানীয় প্রস্তুতকারী সংস্থা ম্যাকডোনাল্ডস, স্টারবাকস।
যুক্তরাষ্ট্র ও তার বন্ধু পশ্চিমা দেশগুলোর বিভিন্ন বহুজাতিক, যারা রাশিয়ায়ও রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে, তাদের মধ্যে পশ্চিমাদের বিরুদ্ধে জনমত গড়ে উঠতে শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে রাশিয়ায় ব্যবসা আংশিক গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স ও টিকটক। রাশিয়ার জাতীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করেছে নেটফ্লিক্স। তাদের দাবি, অনির্দিষ্টকালের জন্য রাশিয়া থেকে সব ধরনের সম্প্রচার বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে তারা। এই পরিপ্রেক্ষিতে কোক, পেপসি, ম্যাকডোনাল্ডসের ওপর রাশিয়ায় ব্যবসা বন্ধের চাপ ক্রমশ বাড়ছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার জনপ্রিয় তারকাদের একটি অংশ সরাসরি দেশবাসীর কাছে এই সংস্থার পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছিলেন। তাঁরা বলছিলেন, যত দিন এই সংস্থাগুলো রাশিয়ায় ব্যবসা চালিয়ে যাবে, তত দিন তাদের বর্জন করা হোক। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত সেই চাপের কাছে মাথা নত করেই আপাতত রাশিয়ায় তাদের সব কার্যকলাপ বন্ধ করে দিল কোক, পেপসি, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস।
তবে এ পরিস্থিতিতেও খানিক ভিন্ন অবস্থান নিয়েছে কেএফসি ও পিৎজা হাট। তারা স্পষ্ট জানিয়েছে, রাশিয়ায় তারা নিজেরা ব্যবসা করে না। স্বত্ব কিনে সেখানকার লোকেরাই তাদের নাম ব্যবহার করে ব্যবসা চালায়। তাই বাকিদের মতো ঘোষণা করে তাদের পক্ষে রাশিয়া ছাড়ার প্রশ্ন নেই। যদিও এই সংস্থা দুটি জানিয়েছে, রাশিয়া থেকে প্রাপ্ত লভ্যাংশ তারা মানব উন্নয়নে ব্যয় করবে।
এদিকে সব সংস্থা যখন রাশিয়া থেকে পাততাড়ি গোটাতে ব্যস্ত, তখন বিবিসি জানিয়েছে, তারা মস্কো থেকে আবার ইংরেজি ভাষায় সংবাদ সম্প্রচার শুরু করে দিচ্ছে। ক্রেমলিনের নতুন সংবাদমাধ্যমসংক্রান্ত আইনের কারণে কিছুদিন আগেই বিবিসি রাশিয়ায় সম্প্রচার বন্ধের ঘোষণা করেছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, নয়া আইন অত্যন্ত কঠোর। যদিও বিবিসি জানিয়েছে, রাশিয়ার মাটি থেকে সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা ভেবেই তারা নতুন আইন মেনে নিচ্ছে।
ঋণ পরিশোধে ব্যর্থ হবে রাশিয়া
এ পরিস্থিতিতে আগামী দিনে আরও বিপদের মুখে পড়বে রাশিয়া। বিশ্বের নেতৃস্থানীয় ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিং রাশিয়ার ঋণমান ‘বি’ থেকে ‘সি’–তে নামিয়েছে। ফিচ রেটিং বলেছে, রাশিয়া শিগগিরই ঋণ পরিশোধের সক্ষমতা হারাবে। রাশিয়ার সরকারি ঋণ সম্পর্কে তাদের অবস্থান এখন আগের চেয়ে নেতিবাচক।
এ-জাতীয় সংস্থার ঋণমান একটি দেশের ঋণ বা বন্ড কেনার ক্ষেত্রে ঝুঁকির মাত্রা কতটা, তা বুঝতে বিনিয়োগকারীদের সহায়তা করে। কোনো দেশের মান কমে যাওয়ার অর্থ হলো, তাদের ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পাওয়া।
সূত্র: বিবিসি, নেক্সটা