ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠানকে তদারকির আওতায় আনা হচ্ছে
বাংলাদেশে কার্যরত ঋণমান নির্ণয়কারী (ক্রেডিট রেটিং) প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত পরিদর্শনের আওতায় আনতে একটি দিকনির্দেশনা তৈরি করা হচ্ছে। এ লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।গতকাল মঙ্গলবার সংস্থাটির নিয়মিত সভায় এই কমিটি গঠন করা হয়। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠানগুলো তাদের জন্য প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে মেনে চলছে কি না, তা নিয়মিতভাবে তদারকি করবে বিএসইসি।বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে আরও রয়েছেন সংস্থাটির পরিচালক মাহবুবুল আলম ও উপপরিচালক শেখ মো. লুৎফুল কবির। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পরিদর্শনসংক্রান্ত দিকনির্দেশনা তৈরি করে কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।এদিকে বিএসইসির একটি সূত্র জানায়, ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি বাড়াতে ও পরিপালনীয় বিধিবিধানের পরিপালন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিকনির্দেশনা তৈরির পর এসব প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শনের আওতায় চলে আসবে।এ ছাড়া বিএসইসির গতকালের সভায় এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের সনদ দেওয়ার প্রাথমিক সম্মতি দিয়েছে বিএসইসি। একই সঙ্গে সিটি গ্রুপ গ্লোবাল মার্কেটস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মার্চেন্ট ব্যাংক সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিই তার নিবন্ধন সনদ সমর্পণের বিষয়ে আবেদন করায় তাতে বিএসইসি সম্মতি দেয়।এর বাইরে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস ও মোহাম্মদ শাহাদাৎ হোসেন নামের একজন বিনিয়োগকারীকে সতর্ক করা হয়।বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে ইস্যু ব্যবস্থাপনা মাশুলের বাইরে অতিরিক্ত পরামর্শক ফি প্রদান করায় আমরা টেকনোলজিসকে এবং ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে শাহাদাৎ হোসেনকে সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেন ও সূচক বেড়েছে: দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার লেনদেন ও সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় ২৬ পয়েন্ট বেড়েছে। লেনদেনও বেড়ে দেড় শ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে ডিএসইর লেনদেন শতকোটি টাকায় নেমে এসেছিল।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৫৭ পয়েন্ট বেড়েছে। আর লেনদেনও আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি টাকায়।দুই বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। এর মধ্যে ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭৮টির দাম বেড়েছে ও কমেছে ৬২টির। আর চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯৪টির দাম বেড়েছে ও কমেছে ৫৭টির।