ঋণসংকটের শঙ্কা সত্ত্বেও চীনের ব্যাংক খাত স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে ঋণসংকটের শঙ্কা দেখা দিয়েছে। তা সত্ত্বেও দেশটির ব্যাংক খাত স্থিতিশীল রয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের প্রধান (সিবিআরসি) শ্যাং ফুলিন বলেন, আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে তারল্যসংকট কমে আসছে। খবর বিবিসির।ব্যাংক খাতে মন্দ ঋণ বেড়ে যাওয়ায় গত সপ্তাহে চীনের শেয়ারবাজারে ভীতি ছড়িয়ে পড়ে। এতে শেয়ারসূচক কমে গত সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। একই সঙ্গে আন্তব্যাংক লেনদেনে তথা কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘটিত প্রাত্যহিক কর্জ বা ঋণ) সুদের হারও বৃদ্ধি পায়।শ্যাং ফুলিন বলেন, সাম্প্রতিককালে কিছু দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে ঋণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘ঝুঁকি ব্যবস্থাপনায় আমরা যত দিন সঠিক পদক্ষেপ নেব, তত দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।’ব্যাংকব্যবস্থায় মন্দ ঋণজনিত ভয়ভীতি যাতে অর্থনীতির ওপর প্রভাব ফেলতে না পারে, সে জন্য চীনা সরকার আর্থিক খাতে অধিকতর শৃঙ্খলা প্রতিষ্ঠায় জোর দিয়েছে।বৈশ্বিক অর্থনীতিতে সংকটের পরে চীন অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে রেকর্ড পরিমাণ ঋণ বিতরণ করে। কিন্তু এভাবে সহজে বাজারে ঋণের প্রবাহ ব্যাপকভাবে জোরদার করায় দেশটিতে অ্যাসেট বাবল বা সম্পদের বুদ্বুদ দেখা দিতে পারেন এমন শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তা সম্পদ খাতকে (জমি, প্লট-ফ্ল্যাটসহ আবাসনব্যবস্থা) অস্বাভাবিক হারে স্ফীত করে তোলে।