ব্যক্তিপর্যায়ে গাড়ি কেনায় ব্যাংক ঋণসীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে গাড়ি কিনতে ৪০ লাখ টাকা পর্যন্ত (বিমাসহ) ঋণ পাওয়া যাবে। এর আগ পর্যন্ত এই সীমা ছিল সর্বোচ্চ ২০ লাখ টাকা। এ ক্ষেত্রে ঋণ ও নিজস্ব অর্থের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই অনুপাত হবে ৫০:৫০। এর আগে ব্যাংক গাড়ির দামের সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ঋণ দিত। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে। নির্দেশনাতে বলা হয়েছে, বর্তমান দাম ও চাহিদা বিবেচনায় রেখে গাড়ির অর্থায়নসংক্রান্ত নীতিমালায় এই সংশোধন আনা হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের ২০০৪ সালের ভোক্তা ঋণ নীতিমালার আওতায় ব্যাংকগুলো গাড়ির ঋণ দিয়ে থাকে। শুরুতে ওই নীতিমালায় গাড়ি কিনতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ ছিল। পরবর্তী সময়ে নীতিমালায় সংশোধন এনে সর্বোচ্চ ২০ লাখ টাকার সীমা নির্ধারণ করা হয়। প্রথম পর্যায়ে ঋণের অনুপাত বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। ২০১২ সালে ঋণের অনুপাত নির্ধারণ করে ৩০:৭০ করা হয়। অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রে নিজের ৭০ টাকার বিপরীতে ব্যাংক থেকে ৩০ টাকা ঋণ পাওয়া যেত।