ঋণসীমা বাড়িয়ে নিল অগ্রণী ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক আবারও বড় অঙ্কের ঋণ বিতরণ শুরু করেছে। বড় অঙ্কের ঋণ পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ বিতরণের সীমা বাড়িয়েও নিয়েছে ব্যাংকটি। এখন নতুন করে মুক্তিযোদ্ধাদের দেওয়া ঋণ ও ওভার ড্রাফট ঋণকে এ সীমার বাইরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে। এর মাধ্যমে অগ্রণী ব্যাংক আরও বেশি পরিমাণে ঋণ দিতে চায়।
অগ্রণী ব্যাংক সূত্র জানায়, সমঝোতা স্মারকের চুক্তির আওতায় অগ্রণী ব্যাংক কী পরিমাণ ঋণ বিতরণ করতে পারবে, তা বছরের শুরুতেই নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। আগের বছরের মতো চলতি বছরেই অগ্রণী ব্যাংককে আগের বছরের চেয়ে ১২ শতাংশ ঋণ প্রবৃদ্ধির অনুমোদন দেয়। সে হিসাবে বছরের অর্ধেক সময়ে ৬ শতাংশ ও বাকি সময়ে ৬ শতাংশ ঋণ বিতরণ করতে পারবে ব্যাংকটি। স্টাফ ঋণ, কৃষিঋণ ও সরকারি গ্যারান্টির বিপরীতে দেওয়া ঋণকে বাদ দিয়ে আগের বছরের ঋণ হিসাব গণনা করা হয়।
সে হিসাবে ২০১৬ সাল শেষে অগ্রণী ব্যাংকের ঋণ ছিল ২১ হাজার ৬৬২ কোটি টাকা। তবে চলতি বছরের প্রথম ছয় মাসেই ব্যাংকটির ঋণ বেড়ে হয় ২৩ হাজার ৬৭ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে ঋণের প্রবৃদ্ধি হয় সাড়ে ৬ শতাংশ। ঋণের চাহিদা থাকায় ঋণসীমা বাড়ানোর আবেদন করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। পরে ব্যাংকটিকে বছরে ১৫ শতাংশ পর্যন্ত ঋণের প্রবৃদ্ধির অনুমোদন দেয়।
জানতে চাইলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশের অর্থনীতি বড় হচ্ছে, ঋণের চাহিদাও বাড়ছে। বিশেষ করে জ্বালানি খাতের ঋণ চাহিদা বাড়ছে। এ কারণে ঋণের সীমা বাড়িয়ে নেওয়া হয়েছে। অন্য ব্যাংকগুলো মুক্তিযোদ্ধা ও ওভার ড্রাফট ঋণের ক্ষেত্রে যে সুবিধা পেয়েছে, আমরা তা চাইছি।’
বড় ঋণ অগ্রণী ব্যাংককে ঝুঁকিতে ফেলেছে, আবারও সেদিকে কেন ঝুঁকছেন—এমন প্রশ্নের জবাবে শামস-উল-ইসলাম বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ সরকারের অগ্রাধিকারমূলক খাত। ব্যাংকগুলো আগেই এসব খাতে অর্থায়ন করেছে। তারা ভালো ব্যবসাও করছে। আমরা এখন নতুন করে অর্থায়ন শুরু করছি। তবে আমাদের ব্যবসার মূল ফোকাস এসএমই।’
ব্যাংকটির পর্ষদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বড় অঙ্কের ঋণ অনুমোদন করা হচ্ছে। এর মধ্যে বেশ কিছু ঋণ বিতরণও হয়েছে। এসব কারণে ঋণের প্রবৃদ্ধি বেড়ে গেছে। আরও বড় ঋণের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে। এ কারণেই ঋণসীমা বাড়িয়ে নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ৬৫২ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এ ছাড়া ওরিয়ন ফার্মা ও ওরিয়ন গ্যাসের বড় অংকের ঋণ অনুমোদন হয়। সব মিলিয়ে ওরিয়ন গ্রুপের কাছে অগ্রণী ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে ১ হাজার ৬২৭ কোটি টাকা।
গত এপ্রিলে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের ৫০০তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই সভায় পরিচালকেরা বলেন, বড় ঋণ দিয়ে আদায় করা যাচ্ছে না। এখন আর বড় অঙ্কের ঋণ দেওয়া সম্ভব না। সময় এসেছে ছোট ঋণের দিকে নজর বাড়ানোর। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগের পরিচালনা পর্ষদ পুরো ভালো দিতে পারেনি। তবে এখন সরকারি ব্যাংকগুলোর পর্ষদ যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। পর্ষদগুলো পরিচালনায় কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় না। ব্যবস্থাপনা পর্ষদকেও পুরো স্বাধীনতা দিয়েছি। সরকার, ব্যক্তি বা রাজনৈতিক চাপ আসতে পারে, তা নিজস্ব বিবেচনায় মোকাবিলা করতে হবে।’ তবে ব্যাংকটি চাপ মোকাবিলা করতে পারছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জুনভিত্তিক আর্থিক চিত্র
গত জুন শেষে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৪ কোটি টাকা। বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ কমেছে ১ হাজার ৯০০ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণ থেকে নগদ আদায় হয়েছে ৩৯০ কোটি টাকা ও ৮৯৫ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃ তফসিল করেছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে শীর্ষ ২০ খেলাপি থেকে আদায় করেছে মাত্র ২১ কোটি টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংক এ সময়ে ৪২৫ কোটি টাকা আদায়ের লক্ষ্য দিয়েছিল। অন্য খেলাপি থেকে আদায় হয়েছে ৩৬৮ কোটি টাকা। লক্ষ্য ছিল ১ হাজার ২৭৫ কোটি টাকা আদায়ের। অবলোপন করা ঋণ থেকে আদায় হয়েছে মাত্র ২৬ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে লোকসানি শাখা বেড়েছে। ডিসেম্বরে ৭৮টি শাখা লোকসানে থাকলেও জুনে তা বেড়ে হয়েছে ১১৬টি।