ঋণসীমা বেড়েছে, কমেছে সুদ হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি নির্মাণে ও ফ্ল্যাট কেনায় আগের চেয়ে বেশি ঋণ দিচ্ছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। সেই সঙ্গে কমিয়ে দেওয়া হয়েছে ঋণের সুদের হারও।

এ ছাড়া সংস্থাটি সুন্দর নামের নতুন নতুন ঋণ কর্মসূচি নিয়ে এসেছে। এগুলো হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস বন্ধু, উপজেলা পর্যায়ের লোকদের জন্য পল্লীমা, শহরের লোকদের জন্য নগর বন্ধু ইত্যাদি।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেবাশীষ চক্রবর্তী গত রোববার প্রথম আলোকে বলেন, ‘আবাসন খাতের উন্নয়নে আমরা যথাসম্ভব উদারভাবে দুয়ার খুলেছি। সামান্য শর্ত পূরণ করে আমাদের থেকে ঋণ নিয়ে যে কেউ একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন। বাড়ি নির্মাণ, সম্প্রসারণেও ঋণ নিতে পারেন যে কেউ।’

বিএইচবিএফসিতে এত দিন সাধারণ, গ্রুপ, ফ্ল্যাট, বর্ধিত, ২০ বছরমেয়াদি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত, ৫ বছরমেয়াদি বিশেষ এবং সেমি-পাকা এমন সাত ধরনের ঋণ চালু ছিল। এগুলো ভেঙে ১ জুলাই থেকে বাড়ি নির্মাণে একক, বাড়ি নির্মাণে গ্রুপ এবং ফ্ল্যাট কেনা ইত্যাদি ঋণ কর্মসূচি চালু করেছে সংস্থাটি।

বিএইচবিএফসির ঋণে আবেদন ফি (মাশুল) ও পরিদর্শন মাশুল আছে। তবে প্রক্রিয়াকরণ মাশুল নেই, সুদের ওপর সুদ বা চক্রবৃদ্ধি সুদও নেই। যে জমিতে বাড়ি নির্মাণ করা হবে, সেটি বন্ধক রাখলেই হয়। ফ্ল্যাট কিনতে হলে ফ্ল্যাটের দলিল বন্ধক রাখলেই চলে।

এককভাবে বাড়ি নির্মাণে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনভুক্ত অতি উন্নত এলাকার জন্য ঋণের পরিমাণ ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা, দুই মহানগরীর অন্যান্য উন্নত এলাকার জন্য ৫০ লাখ থেকে বাড়িয়ে ৮০ লাখ এবং টঙ্গী, সাভারসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরের জন্য ৪০ লাখ থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে।

গ্রুপ বা দলগতভাবে বাড়ি নির্মাণে ঋণের সীমা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অতি উন্নত এলাকায় গ্রুপের প্রত্যেকের জন্য বর্তমানের ৫০ লাখ থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে। দুই মহানগরীর অন্যান্য এলাকার জন্য আগের মতোই ৫০ লাখ এবং টঙ্গী, সাভারসহ বিভাগীয় বা জেলা পর্যায়েও আগের মতোই ঋণসীমা ৪০ লাখ টাকা রাখা হয়েছে।

ফ্ল্যাট কেনার জন্য আগে সব এলাকার জন্যই সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দেওয়া হতো। এখন দেওয়া হবে ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকার জন্য ৮০ লাখ টাকা। এ ছাড়া টঙ্গী, সাভারসহ বিভাগীয় ও জেলা শহরে ফ্ল্যাট কিনতে দেওয়া হবে ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ।

বাড়ি নির্মাণের সুদের হার ১২ থেকে কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ আর ফ্ল্যাট কেনার সুদের হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। টঙ্গী, সাভারসহ সব বিভাগীয় শহরে বাড়ি নির্মাণে ঋণের সুদের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৫ শতাংশ করা হয়েছে ।

এ ছাড়া বাড়ি সম্প্রসারণ ও মেরামত করার জন্যও নতুন ঋণ পণ্য চালু করেছে বিএইচবিএফসি। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৯ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা, দুই মেট্রোপলিটন বাদে বিভাগীয় ও জেলা সদরের ক্ষেত্রে ৮ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে ২০ লাখ টাকা পর্যন্ত।

বিএইচবিএফসি সূত্রে জানা গেছে, ঋণ বিতরণে বিএইচবিএফসির সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে এবং খুব শিগগির আরও বাড়বে। বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ঋণ আদায় করে সংস্থাটি। এই টাকা নতুন করে ঋণ দেওয়া হয়। সরকার এ বছর সংস্থাটিকে আবাসন খাতে ঋণ দিতে ৫০০ কোটি টাকা বাড়তি দিচ্ছে। এদিকে ঋণপত্রের মেয়াদ বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে আরও ২০০ কোটি টাকা।

বিএইচবিএফসির এমডি দেবাশীষ চক্রবর্তী প্রথম আলোকে জানান, ‘এর বাইরেও বড় আকারের তহবিল আসছে বিএইচবিএফসির জন্য। জেদ্দায় গত রোববার অনুষ্ঠিত ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) পর্ষদ সভায় বাংলাদেশের পল্লি ও উপশহর এলাকায় আবাসন খাতে ঋণ দিতে ৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলারের ঋণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতি ডলার ৮০ টাকা হিসাবে তা দাঁড়ায় ৭৬২ কোটি টাকা।’