ঋণসুবিধা বাড়িয়ে পতন ঠেকাল এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের পতন ঠেকাতে শেয়ারে বিনিয়োগের বিপরীতে ঋণসুবিধা বাড়ানো হয়েছে। বিনিয়োগকারীরা সর্বশেষ যে হারে ঋণ পেতেন, গতকাল সোমবার থেকে তার দ্বিগুণ হারে ঋণ পেতে শুরু করেছেন। তবে অনেক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক তাদের গ্রাহকদের নতুন হারে ঋণ সরবরাহ করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারল্য-স্বল্পতার কারণে তাদের পক্ষে নতুন হারে ঋণ দেওয়া সম্ভব হয়নি।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাজার পর্যালোচনা কমিটির সভায় গতকাল সকালে ঋণসুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভুঁইয়া এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘বাজারের তারল্য-পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে এসইসি ঋণসুবিধা বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকে। এর আগে বাজারের অতিরিক্ত তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণে ঋণসুবিধা কমানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কয়েক দিন ধরে বাজারে তারল্যপ্রবাহ বেশ খানিকটা কমেছে। সম্প্রতি আন্তব্যাংক ঋণের সুদের হার বা কলমানি রেট বেড়ে যাওয়া এর বড় প্রমাণ। এ বাস্তবতায় বিনিয়োগকারীদের স্বার্থে বাজারের স্বাভাবিক গতি ধরে রাখতেই ঋণসুবিধা বাড়ানো হয়েছে।’আনোয়ারুল কবীর ভুঁইয়া বলেন, নতুন হারে ঋণসুবিধা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। প্রয়োজনে এ সুবিধা আরও বাড়ানো বা কমানো হতে পারে।এসইসি গত ২১ নভেম্বর ঋণসুবিধা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছিল। এর আগে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো শেয়ারের বাজারমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদমূল্য (এনএভি) যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফলাফল পাওয়া যায়, তার সমানুপাতিক (১: ১) হারে ঋণ দিতে পারত। অর্থাৎ, কোনো শেয়ারের বাজারমূল্য এক হাজার টাকা ও এনএভি ৪০০ টাকা হলে শেয়ারটির ভিত্তিমূল্য ধরা হতো ৭০০ টাকা। এ হিসাবে শেয়ারটির মূল্য যতই হোক, ঋণসুবিধা পাওয়া যেত ভিত্তিমূল্যের সমপরিমাণ। কিন্তু পরে তা কমিয়ে ঋণের হার ১: ০.৫-এ নামিয়ে আনা হয়। ফলে এ ধরনের ক্ষেত্রে ৩৫০ টাকার বেশি ঋণসুবিধা পাওয়া যেত না। তবে ঋণসুবিধা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে এখন থেকে আবার ভিত্তিমূল্যের সমপরিমাণ ঋণ পাওয়া যাবে।যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, গত কয়েক দিনের দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার সংকট দেখা দিয়েছিল। ঋণসুবিধা বাড়ানোয় সেই সংকট কিছুটা হলেও কাটবে। তবে ঋণ বাড়ানো-কমানো নিয়ে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসির অবস্থান দুর্বল করবে।আরিফ খান বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমার (সিআরআর) হার বাড়ানোর ফলে ব্যাংকগুলো নগদ অর্থের সংকটে রয়েছে। তাই ঋণসুবিধা বাড়ানো হলেই যে বিনিয়োগকারীরা প্রয়োজন অনুযায়ী ঋণ পাবেন, তা নিশ্চিত করে বলা যায় না। তা ছাড়া এনএভি সূত্র মেনে ঋণ দেওয়াটাও ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য কঠিন হবে। এ পরিস্থিতিতে এসইসির উচিত হবে, এনএভি সূত্রের পরিবর্তে ঋণ দেওয়ার সহজ পদ্ধতি পুনর্বহাল করা।মুদ্রাবাজার সূত্রে জানা গেছে, গতকাল ব্যাংক থেকে ব্যাংক কলমানি সুদের হার সর্বোচ্চ ৩৬ শতাংশ উঠেছিল। আর ব্যাংক থেকে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ হার ছিল ৪২ শতাংশ।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু সিআরআর বাড়ানোর কারণেই নয়, শিল্প খাতের ঋণ শেয়ারবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির বিষয়টিও বিক্রির চাপ বাড়িয়েছে। এ ছাড়া যেসব বাণিজ্যিক ব্যাংকের নিয়মের বাইরে শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগ ছিল, চলতি মাসের মধ্যে তা সমন্বয়ের চাপও রয়েছে। এ কারণে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সহযোগী বেশ কয়েকটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের নতুন হারে ঋণ দিতে পারেনি।নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মেনে আমাদের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে হচ্ছে। এ কারণেই গ্রাহকদের নতুন হারে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না।’বাজার-পরিস্থিতি: সর্বোচ্চ দরপতনের পরের দিন গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সাধারণ মূল্যসূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘস্থায়ী পতন এড়াতে এসইসি তড়িঘড়ি ঋণসুবিধা বাড়িয়ে দেওয়ায় এ দফা বাজার ঘুরে দাঁড়িয়েছে। তবে এতে বাজার সংশোধনের আশঙ্কা একেবারে দূর হয়ে যায়নি। তাই বিনিয়োগকারীদের সব সময় সতর্ক থাকতে হবে।ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে আট হাজার ৩২৯ পয়েন্ট ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৫৫ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৪২৯ পয়েন্ট হয়েছে। তবে লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টা বাজার খুবই অস্থিতিশীল ছিল।ডিএসইতে গতকাল লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটের মধ্যে সূচক প্রায় ১০৫ পয়েন্ট বাড়ে। এর পরের ১৫ মিনিটে তা প্রায় ১৫০ পয়েন্ট কমে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক আবার বেড়ে শেষ পর্যন্ত কিছুটা স্থিতিশীল হয়।