শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বড় ব্রোকারেজ হাউসগুলোর শীর্ষস্থানীয় নির্বাহীদের সঙ্গে সভা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।গতকাল বুধবার বিকেলে ডিএসইর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারী ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীদের বেশির ভাগই প্রান্তিক ঋণকে (মার্জিন লোন) বাজারের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তাঁরা জানান, ঋণ নিয়ে যাঁরা বিনিয়োগ করেছেন তাঁদের বেশির ভাগই এরই মধ্যে নিজস্ব মূলধন হারিয়ে ফেলেছেন। পাশাপাশি দরপতনের কারণে ঋণের একটি বড় অংশও আটকে গেছে। যে কারণে ওই সব হিসাবে এখন লেনদেন করা দুরূহ হয়ে পড়েছে। সভায় উপস্থিত ব্রোকারেজ হাউসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কীভাবে ঋণের এই চক্র থেকে বেরিয়ে আসা যায় তার জন্য ঋণদাতা ব্রোকারেজ হাউসগুলোর কাছে লিখিত প্রস্তাবনা চেয়েছে ডিএসই। সিটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার আসাদুল ইসলামকে এই প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, ঋণদাতা প্রতিষ্ঠানের প্রস্তাবনা বা সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।এদিকে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস গ্রাহকের হিসাবের বিপরীতে আলাদা বিও (বেনিফিশিয়ারি ওনার্স বা সুবিধাভোগী ব্যক্তি) হিসাব খোলার বিষয়ে গতকাল সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা।সিডিবিএল হলো শেয়ারবাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান। ওই বৈঠকে বিনা ফিতে গ্রাহকের আলাদা বিও হিসাবে শেয়ার স্থানান্তর ও নির্ধারিত সময়ে বিও হিসাব খোলার কারিগরি দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘আলাদা বিও হিসাব খোলার ব্যাপারে এরই মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করছি, দু-এক সপ্তাহের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রাহকের আলাদা বিও হিসাব খোলার কাজ শুরু করতে পারব। প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের আগে তাদের সুবিধামতো সময় এটি সম্পন্ন করবে।’এর আগে ৪ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অমনিবাস হিসাব বাতিলের সিদ্ধান্ত নেয়। তখন এসইসি জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অমনিবাস হিসাবের অধীনে থাকা ব্যক্তিশ্রেণীর সব বিনিয়োগকারীর বিপরীতে আলাদা বিও হিসাব খুলতে হবে।