ঋণের চক্রে আটকে আছে মার্চেন্ট ব্যাংকগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের চক্র থেকে বেরিয়ে আসার বিষয়ে তেমন সক্রিয়তা দেখা যাচ্ছে না মার্চেন্ট ব্যাংকগুলোর কর্মকাণ্ডে। পত্রকোষ ব্যবস্থাপনার চেয়ে ঋণ-ব্যবসার সঙ্গেই নিজেদের বেশি সম্পৃক্ত করে রেখেছে প্রতিষ্ঠানগুলো। অথচ নিবন্ধন শর্ত অনুসারে পত্রকোষ ব্যবস্থাপনা, ইস্যু ব্যবস্থাপনা ও অবলেখনকারী (আন্ডাররাইটার) প্রতিষ্ঠান হিসেবে কর্মকাণ্ড পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে আইনে। আর সরাসরি ঋণ-ব্যবসার বিষয়টি প্রধান না হলেও দেখা যাচ্ছে, মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ-ব্যবসাকেই প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ-পরিস্থিতির সর্বশেষ পূর্ণাঙ্গ উপাত্ত রয়েছে জুলাই মাস পর্যন্ত। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তথ্যানুসারে, জুলাই মাস শেষে এ প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৫৯২ কোটি টাকায়। ৭৩ হাজার ২৩৮টি গ্রাহক হিসাবের বিপরীতে এ ঋণ বিতরণ করা হয়েছে। অথচ চলতি বছরের জানুয়ারি শেষে এর পরিমাণ ছিল প্রায় পাঁচ হাজার ৩৪৫ কোটি টাকা। সেই হিসাবে গত ছয় মাসের ব্যবধানে শেয়ারবাজারে প্রান্তিক ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২৪৭ কোটি টাকা। সরাসরি গ্রাহকের হিসাবের বিপরীতে ২৮টি মার্চেন্ট ব্যাংক এ ঋণ বিতরণ করেছে। সম্মিলিতভাবে মার্চেন্ট ব্যাংকগুলোর বিতরণ করা বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী ঋণে পরিণত হয়ে আছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।অবশ্য একাধিক মার্চেন্ট ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীদের দাবি, নতুন করে ঋণ বিতরণের পরিমাণ খুব একটা বাড়েনি। তার পরও অনাদায়ী ঋণের বিপরীতে সুদ বাড়তে থাকায় মোট ঋণের পরিমাণ বেড়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই গ্রাহকের হিসাবের বিপরীতে মার্চেন্ট ব্যাংকগুলো প্রায় ৬৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তার বিপরীতে আদায় করেছে প্রায় ৯৩ কোটি টাকা। এ ছাড়া জুলাই মাস শেষে মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনাধীন গ্রাহকের পত্রকোষ (ডিসক্রিশনারি হিসাব) হিসাবে বিতরণ করা প্রান্তিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি টাকায়। জানুয়ারিতে এর পরিমাণ ছিল প্রায় ৬৬ কোটি টাকা। মার্চেন্ট ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যদি অনাদায়ী ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়, তা হলে বাজারে বিক্রির চাপ বেড়ে যাবে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ঋণ সমন্বয়ের খুব বেশি সুযোগও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বছরের পর বছর অনাদায়ী ঋণ আদায় না হওয়ায় মার্চেন্ট ব্যাংকগুলো অন্যান্য প্রতিষ্ঠান থেকেও ঋণসুবিধা নিতে পারছে না। সাধারণত কম সুদে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করে তা বেশি সুদে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করে মার্চেন্ট ব্যাংকগুলো। সেসঙ্গে ওই ঋণের টাকায় নিজেরাও বাজারে বিনিয়োগ করে থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে মার্চেন্ট ব্যাংকগুলো সম্মিলিতভাবে মাত্র ৬৯ কোটি টাকার শেয়ার কিনেছে। তার বিপরীতে নিজস্ব পত্রকোষ থেকে বিক্রি করেছে প্রায় ৩৯ কোটি টাকার শেয়ার। সেই হিসাবে জুলাই মাসে মার্চেন্ট ব্যাংকগুলোর প্রকৃত বিনিয়োগের পরিমাণ ছিল ৩০ কোটি টাকা। এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘আমরাও চাই শেয়ারবাজার ঋণনির্ভর না হয়ে মূলধননির্ভর বাজার হোক। বাজার পরিণত না হওয়ায় অতীতে ঋণের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাম্প্রতিক ধসের কারণে এ বিষয়ে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই মার্চেন্ট ব্যাংকগুলো ক্রমান্বয়ে ঋণের পরিমাণ কমিয়ে আনছে।’ মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘আমার জানামতে, এখন কোনো মার্চেন্ট ব্যাংকই বিনিয়োগকারীদের ১: ১.৫-এর বেশি হারে ঋণ সুবিধা দেয় না। তাই এসইসির বেঁধে দেওয়া ঋণসীমা মানতে মার্চেন্ট ব্যাংকগুলোকে খুব বেশি বেগ পেতে হবে না। ঋণ সমন্বয়ের প্রয়োজনে শেয়ারের বিক্রির চাপও তৈরি হবে না।’ জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে যে পদ্ধতিতে ঋণ বিতরণ ও আদায় করা হয়, সেটি ঋণগ্রহীতা ও ঋণদাতা উভয়েরই জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঋণের সহজলভ্যতার কারণে শেয়ারবাজার মূলধননির্ভর না হয়ে অধিকমাত্রায় ঋণনির্ভর হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সকলের সম্মিলিত উদ্যোগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।’ সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শে প্রান্তিক ঋণসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এরই মধ্যে সংস্থাটি এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, ২০১৪ সালের ৩০ জুনের মধ্যে প্রান্তিক ঋণসীমা ০.৫-এ নামিয়ে আনতে হবে। অর্থাৎ বিনিয়োগকারীর ১০০ টাকার বিনিয়োগের বিপরীতে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫০ টাকা ঋণসুবিধা দিতে পারবে। বর্তমানে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ১: ২ হারে ঋণসুবিধা পেয়ে থাকেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, শেয়ারবাজারে সর্বোচ্চ পরিমাণ প্রান্তিক ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান হলো এবি ইনভেস্টমেন্ট। দ্বিতীয় সর্বাধিক ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান হলো প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। আর তৃতীয় সর্বাধিক ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান হলো আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।