ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে নতুন মুদ্রানীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে ঋণ জোগানের লক্ষ্যমাত্রা কমিয়ে ধরে চলতি অর্থবছরের ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জুলাই-ডিসেম্বরের জন্য করা মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ। এবার তা করা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ।
গভর্নর আতিউর রহমান অবশ্য বলেছেন, ‘বেসরকারি খাতে ঋণ দেওয়ার এই লক্ষ্যমাত্রা আগের মুদ্রানীতির চেয়ে সামান্য কম, কিন্তু প্রকৃত অর্জনের চেয়ে যথেষ্ট বেশি।’
কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার এই মুদ্রানীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আবুল কাসেম, আবু হেনা মোহা. রাজী হাসান; প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল আহমেদ ও নির্বাহী পরিচালকেরা এ সময় উপস্থিত ছিলেন।
নতুন মুদ্রানীতিতে নীতি সুদের হার কমানো হয়েছে। এতে ব্যাংক খাতে ঋণ দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে মূল্যস্ফীতি যাতে না বাড়ে, সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক থাকবে বলে জানান গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক নীতিতে পরিবর্তন আনবে।
গভর্নর বলেন, মূলধনি যন্ত্রপাতি আমদানি ব্যাপকভাবে বেড়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি জুনের ১৩ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে নভেম্বরে ১৩ দশমিক ৭ শতাংশ হয়েছে। আমানত-ঋণের সুদের হার কমেছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫১ শতাংশ অর্জিত হয়েছে। বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থবছর শেষে এই হার ৭ শতাংশও স্পর্শ করতে পারে।
উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে ‘সংযত কিন্তু সমর্থনমূলক মুদ্রানীতি’ করা হয়েছে বলে উল্লেখ করেন গভর্নর। আতিউর রহমান বলেন, ‘এবারে নীতি সুদহার, অর্থাৎ রেপো ও রিভার্স রেপো হার কমানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। নতুন রেপো হার করা হয়েছে ৬ দশমিক ৭৫ ও রিভার্স রেপো হার ৪ দশমিক ৭৫ শতাংশ।’
রেপো ও রিভার্স রেপোর হার কমানো নিয়ে প্রথম আলোকে পরে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। তিনি বলেন, ‘ধরুন, আমি একটি ব্যাংক। ঋণ দিতে আমার অতিরিক্ত টাকার দরকার। আমি বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে টাকা নেব। এই টাকার বিপরীতে আগে সুদ দিতে হতো ৭ দশমিক ২৫ শতাংশ, এখন দিতে হবে ৬ দশমিক ৭৫ শতাংশ। আবার আমার কাছে অতিরিক্ত টাকা আছে কিন্তু ঋণ দিতে চাচ্ছি না বা পারছি না। রিভার্স রেপোর মাধ্যমে এই টাকা আমি এখন রাখব বাংলাদেশ ব্যাংেক। এ জন্য আগে বাংলাদেশ ব্যাংক দিত ৫ দশমিক ২৫ শতাংশ সুদ, এখন দেবে ৪ দশমিক ৭৫ শতাংশ।’
নতুন মুদ্রানীতিতে অর্থনৈতিক কৌশল ও প্রবৃদ্ধির প্রত্যাশা কী হবে—প্রশ্ন তুলে নিজেই এর জবাব দেন গভর্নর। বলেন, ‘এর সহজ উত্তর হলো, আমাদের আরও গতিময়তা দেখাতে হবে। উন্নয়ন ঘটাতে হবে রপ্তানি খাতের। রপ্তানির পাশাপাশি আরেকটি “গ্রোথ ইঞ্জিন” যুক্ত করার সময় এসেছে। আর সেটি হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা।’
আতিউর রহমান বলেন, উৎপাদনশীল খাতে বিনিয়োগের সময় সব মানুষের কথাই খেয়াল রাখতে হবে। বেশি ধনবানদের সুযোগ দিলে চলবে না, সুবিধাবঞ্চিতদের জন্যও বাড়তি বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। তখনই তা আর্থিক খাতের গভীরতা বাড়াবে এবং অন্তর্ভুক্তিমূলক হবে।
রপ্তানিমুখী তৈরি পোশাক ও চামড়াশিল্পকে পরিবেশবান্ধব করার জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ২০ কোটি ডলারের একটি ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ করা হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণও ২০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষির মতো প্রবৃদ্ধিবান্ধব খাতগুলোতে সহজে ঋণ পৌঁছাতে চান গভর্নর। এ জন্য নিবিড় নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি। গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে কয়েকটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
আতিউর রহমান বলেন, ‘আমি স্বপ্নতাড়িত মানুষ। অর্থনীতির পাটাতনটি আমরা মজবুত করে ফেলেছি। এর ওপর একটি সুন্দর ঘর করার স্বপ্ন এখন দেখতেই পারি।’
প্রশ্নোত্তর পর্ব: ব্যাংকগুলোতে যে পর্যবেক্ষক নিয়োগ দিতে হচ্ছে, এটাই তো প্রমাণ করছে যে এ খাত ঠিকভাবে চলছে না—গভর্নরের কাছে এমন প্রশ্ন করা হলে জবাব দেন দুই ডেপুটি গভর্নর।
এস কে সুর চৌধুরী বলেন, পর্ষদ ঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না, তা দেখার জন্যও পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। রাজী হাসান বলেন, পর্যবেক্ষক নেওয়া হয় ক্যামেলস রেটিংয়ে ব্যাংকের মান খারাপ হলে। দুজনই বলেন, শুধু পর্যবেক্ষকেরা সুশাসন নিশ্চিত করতে পারেন না।
মূলধনি যন্ত্রপাতি আমদানি সত্যিই বেড়েছে, নাকি এর আড়ালে অর্থ পাচার হয়েছে—এমন প্রশ্নের জবাবে এস কে সুর চৌধুরী বলেন, ‘এটা বের করা দুরূহ, অন্তত বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। দুদক, পুলিশসহ এ জন্য সম্মিলিত প্রচেষ্টা লাগবে।’
অর্থ পাচার প্রসঙ্গে গভর্নর বলেন, ‘অনুমান যা-ই থাকুক না কেন, বাস্তবতা হলো, মূলধনি যন্ত্রপাতি আমদানি বেড়েছে। যন্ত্রপাতি আমদানির আড়ালে অর্থ পাচার হয়েছে—ঢালাওভাবে এ কথা বলা ঠিক হবে না।’