ঋণের লাগাম টানলে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেমন মুদ্রানীতি চান ব্যাংকাররা, এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান
কেমন মুদ্রানীতি চান ব্যাংকাররা, এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান

প্রথম আলো: মুদ্রানীতির ঘোষিত লক্ষ্যের চেয়ে অনেক বেশি ঋণ বিতরণ হচ্ছে। এ অবস্থায় কেমন মুদ্রানীতি আশা করছেন?

সৈয়দ মাহবুবুর রহমান:  চলতি বছরটি নির্বাচনী বছর, আবার আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে যেতে চাই। মধ্যম আয়ের দেশে যাওয়া নির্ভর করবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর। এ ক্ষেত্রে ব্যাংকের বড় ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ করে ঋণের লাগাম টেনে ধরলে ব্যাংকগুলো সমস্যায় পড়বে। কারণ ব্যাংক খাতে ঋণের প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে, আমানতের প্রবৃদ্ধি সেভাবে হচ্ছে না। আমরা চাইলেই ঋণের প্রবৃদ্ধি কমিয়ে ফেলতে পারছি না। কারণ ঋণপত্র খোলা হয়েছে, তার বিপরীতে গ্যারান্টিও দেওয়া হয়েছে। তাই মুদ্রানীতিতেও প্রবৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার।

প্রথম আলো: বাংলাদেশ ব্যাংক তো ঋণের লাগাম টানতে চায়। এতে আপত্তি তুলছেন কেন?

সৈয়দ মাহবুবুর রহমান: ঋণের লাগাম টানতে গিয়ে হঠাৎ করে ঋণ-আমানত অনুপাত (এডিআর) কমালে তাতে সমস্যা তৈরি হবে। এডিআর কমানো হলে ২০-২৫ হাজার কোটি টাকা নতুন আমানত লাগবে। এত আমানত কোথা থেকে আসবে? সঞ্চয়পত্রের সুদ হার তো এখনো সাড়ে ১১ শতাংশ। তাই আমাদের আমানতের সুদহার বাড়াতে হবে, তাতে ঋণের সুদ হারও বেড়ে যাবে। ঋণের সুদ হার বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। ঋণের লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংক কোনো উদ্যোগ নিলে সেটি ধীরে ধীরে বাস্তবায়ন করা উচিত। তাহলেই পুরো খাতের জন্য ভালো হবে।

সামনে ১০০টি অর্থনৈতিক অঞ্চল হবে। তারা তো অর্থের জন্য আমাদের কাছেই আসবে। সাম্প্রতিক সময়ে আমদানি অনেক বেড়ে গেছে, সেই তুলনায় রপ্তানি ও প্রবাসী আয় বাড়েনি। এর ফলে কেন্দ্রীয় ব্যাংককে ডলার দিয়ে আরও বেশি সহায়তা করতে হবে। এতে আরও অনেক বেশি টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে, যা তারল্যের ওপর কিছুটা চাপ ফেলবে। এ জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাই।

প্রথম আলো: বিভিন্ন জরিপে দেখা যায়, নির্বাচনী বছর এলেই টাকা পাচার বেড়ে যায়। এবারও বেসরকারি খাতের ঋণ অনেক বেড়ে গেছে। হঠাৎ কেন এত টাকার প্রয়োজন পড়ছে?

সৈয়দ মাহবুবুর রহমান: সরকার অবকাঠামো উন্নয়নে অনেক বেশি জোর দিয়েছে। অনেক দৃশ্যমান প্রকল্পের কাজ চলছে। এতেই বোঝা যায়, এত টাকা কোথায় যাচ্ছে। ঠিকাদাররা আগের চেয়ে অনেক বেশি ঋণ নিচ্ছে। পদ্মা সেতুর পুরো টাকাও তো দেশীয় মুদ্রায় ব্যয় হচ্ছে। এ ছাড়া অনেক পোশাক কারখানা আধুনিকায়ন হচ্ছে। আবাসন প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে শুরু করছে। নির্বাচনী বছরে টাকা পাচারের বিষয় থাকতে পারে, তবে উন্নয়নকাজে অনেক অর্থ ব্যয় হচ্ছে।

সাক্ষাৎকার নিয়েছেন সানাউল্লাহ সাকিব