ঋণের শ্রেণীকরণের প্রজ্ঞাপন বাতিলের দাবি ইএবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকঋণের শ্রেণীবিন্যাস, ঋণ পুনঃ তফসিলীকরণ এবং এককালীন জমার (ডাউন পেমেন্ট) বিষয়ে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার বা প্রজ্ঞাপন জারি করেছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।রপ্তানিকারকদের এই সংগঠন বলছে, নতুন এই নিয়ম চালুর ফলে দেশের রপ্তানি বাণিজ্য সচল রাখা সম্ভব হবে না। এতে ঋণখেলাপির সংখ্যা আরও বাড়তে পারে। ইএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের জারি করা এসব প্রজ্ঞাপন তুলে নিয়ে আগের নীতি বহাল করার দাবি জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে ১৪ জুন ওই প্রজ্ঞাপন জারি করা হয়।ইএবি বলেছে, তৃতীবারের পর যদি ঋণ পুনঃ তফসিল না করা হয় এবং ঋণগ্রহীতার ঋণ লোকসান হিসাবে দেখানো হয়, তাহলে ঋণগ্রহণকারী প্রতিষ্ঠান রুগ্ণ শিল্পে পরিণত হবে। সে কারণে তৃতীয়বারের পরও ঋণ পুনঃ তফসিল করার সুযোগ রাখা প্রয়োজন।এ ছাড়া শ্রেণী করা ঋণের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বার পুনঃ তফসিল করার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি কঠোর ব্যবস্থা নেয়, তবে উদ্যোক্তারা সমস্যায় পড়বেন। এ ক্ষেত্রে সময় বেঁধে না দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি।ইএবি বলছে, ঋণসংকটে ইউরোপের দেশগুলো এখন চরম অর্থনৈতিক মন্দায় আক্রান্ত। ফলে সেসব দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ কমেছে। এ ছাড়া তীব্র জ্বালানিসংকট, কঠোর মুদ্রা সংকোচননীতি, ব্যাংক থেকে সরকারের অতিমাত্রায় ঋণ নেওয়ার কারণে সৃষ্ট তারল্য ঘাটতি এবং ঋণের উচ্চ সুদহার দেশের পুরো বিনিয়োগ ব্যবস্থাকে সমস্যায় ফেলেছে।