ঋণের সর্বোচ্চ সীমা বেড়ে ৬০ লাখ টাকা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গৃহনির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণের সর্বোচ্চ সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হচ্ছে। খবর বাসসের।সমপ্রতি বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণের সর্বোচ্চ সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্তটি অনুমোদনের জন্য প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। শিগগিরই এ প্রস্তাবটি অনুমোদিত হবে বলে জানিয়েছেন বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আলম তালুকদার।তালুকদার বলেন, ‘বর্তমানে ইমারত নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ভবন নির্মাণব্যয় বেড়ে গেছে। এ অবস্থায় বর্তমান ঋণ দিয়ে কাঙ্ক্ষিত পর্যায়ের ভবন নির্মাণ ঋণগ্রহীতাদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। তাই ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘সিদ্ধান্তটি কার্যকর করতে তা এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’ ঋণের সীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। জানা গেছে, সাধারণ ঋণের সীমা এবং ফ্ল্যাট ঋণের বিদ্যমান সীমা বাড়ানো হলে করপোরেশনের তহবিলও বাড়াতে হবে। তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২০০ কোটি টাকা চাওয়া হয়েছে। তবে ঋণের সীমা বাড়ানোর পরও নির্ধারিত মাসিক কিস্তির পরিমাণ সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।উল্লেখ্য, এর আগে ২০১০ সালের জুন মাসে গৃহনির্মাণ ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকায় উন্নীত করা হয়। ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী করপো-রেশনের ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণের ক্ষমতা সরকারের ওপর ন্যস্ত করা হয়। সেই অনুযায়ী করপোরেশনের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত কার্যকর করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। জানা গেছে, বিএইচবিএফসি এ পর্যন্ত প্রায় চার হাজার ২০০ কোটি ২৪ লাখ টাকার ঋণ বিতরণ করেছে, যা দিয়ে দেশে এক লাখ ৭০ হাজার গৃহনির্মাণ করা হয়েছে। আর চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সংস্থাটি ১৬৯ কোটি ছয় লাখ টাকার ঋণ বিতরণ করেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১৯ কোটি ৬৮ লাখ। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ২৬ শতাংশ।চলতি অর্থবছর সংস্থাটির ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬০ কোটি টাকা।