ঋণের সুদ ও গ্যাস বিলের বিলম্ব ফি মওকুফের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকঋণের সুদ ও গ্যাস বিলের বিলম্ব ফি মওকুফের দাবি জানিয়েছে সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীদের তিনটি সংগঠন। নগরের মিরাবাজারে গতকাল শনিবার এক যৌথ সভা থেকে এ দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা চলমান পরিস্থিতি কাটিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায়।
সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন মালিক সমিতির সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদসহ কয়েকজন জ্বালানি ব্যবসায়ী বক্তব্য দেন।
সিলেট বিভাগের চার জেলায় মোট ১১৪টি পেট্রলপাম্প আছে। এসব পাম্পে প্রতিদিন প্রায় ১০ লাখ লিটার ডিজেল এবং ২ লাখ লিটার অকটেন ও পেট্রলের চাহিদা রয়েছে। অবরোধের পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা গ্যাসক্ষেত্র ও আরপিজিসিএল থেকে তেল সরবরাহ করা হলেও যানবাহন চলাচল কম থাকায় বিক্রি কমে গেছে।
যৌথ সভায় বলা হয়, টানা অবরোধ-হরতালে সিলেটে জ্বালানি ব্যবসা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। সে জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।