জ্বালানিশক্তির অভাবে যেসব নতুন স্থাপিত শিল্প-কারখানা উৎপাদনে যেতে পারছে না, সেগুলোর ব্যাংকঋণের সুদ মওকুফের প্রস্তাব করেছে ব্যবসায়ীসমাজ।তবে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ব্যবসায়ীদের ধৈর্য ধরতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, বিদ্যুৎসমস্যা সমাধানে সরকারি প্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে। তিনি আশ্বস্ত করে বলেন, এক মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘শিল্পখাতে জ্বালানিশক্তি’ বিষয়ে এক সেমিনারে গত বুধবার এসব অভিমত দেওয়া হয়েছে। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তৌফিক-ই-ইলাহী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান।সেমিনারে বক্তারা বলেন, গ্যাস-বিদ্যুতের সংযোগ না পাওয়ায় উৎপাদনে যাওয়া যাচ্ছে না। তবে এর জন্য ব্যাংকঋণের সুদ ঠিকই হিসাব করা হবে। ব্যবসায়ীরা এই দায় নিতে পারেন না। তাঁরা প্রস্তাব করেন, সরকার এই সুদ মওকুফের ব্যবস্থা করবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিতাসের এমডি আবদুল আজিজ খান উপস্থিত ছিলেন।