ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৯.৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ টাকার ব্যাংক হিসাবধারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল থেকে দেওয়া ঋণের সর্বোচ্চ সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ তহবিল-সংক্রান্ত প্রজ্ঞাপনে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে।
পুনঃ অর্থায়ন তহবিলটি ২০০ কোটি টাকার। ক্ষুদ্র বা প্রান্তিক ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং প্রান্তিক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এ তহবিল থেকে ঋণ জোগান দেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এক অনুষ্ঠানে পুনঃ অর্থায়ন তহবিল থেকে দুই কোটি টাকার চেক ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরীর হাতে তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ট্রাস্ট ব্যাংক এ দুই কোটি টাকা থেকে ৫০ লাখ টাকা নিজস্ব ব্যবস্থাপনায় কৃষকদের মাঝে বিতরণ করবে। আর বাকি দেড় কোটি টাকা কৃষকদের ঋণ হিসেবে দেওয়ার কাজ করবে সজাগ নামের একটি ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান (এনজিও)। ট্রাস্ট ব্যাংক ৭ শতাংশ সুদে ঋণের অর্থ দিলেও এনজিওটি ১৯ শতাংশ পর্যন্ত সুদে তা কৃষককে দেবে বলে জানায়।
এ নিয়ে প্রথম আলোসহ গণমাধ্যমে বিস্ময় প্রকাশ করে সংবাদ পরিবেশিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, ‘আমরা গ্রাহক পর্যায়ে পুনঃ অর্থায়ন তহবিলের ঋণের সর্বোচ্চ সুদ সাড়ে ৯ শতাংশ নির্ধারণ করেছি। এখন আমরা এনজিও বা ব্যাংক সবার কাছেই ঋণ বিতরণের জন্য বলব।’ যদি এনজিওরা এ সুদে ঋণ বিতরণ করতে আগ্রহী না হয়, তাহলে ব্যাংকের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে বলে জানান মুখপাত্র।