এ দেশে জুতা ও বাইসাইকেল কারখানা করবে নিটল-টাটা
ভারতের ব্যবসায়ী গোষ্ঠী টাটা গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে বাংলাদেশে জুতা ও বাইসাইকেল তৈরির কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে এ দেশের ব্যবসায়ী গোষ্ঠী নিটল গ্রুপ।কিশোরগঞ্জে গড়ে তোলা নিটল-নিলয় শিল্পপার্কে কারখানা দুটি করা হবে। আগামী এক বছরের মধ্যে জুতা তৈরির কারখানা প্রতিষ্ঠা এবং সেখান থেকে জুতা তৈরি হবে। এরপরই শুরু হবে বাইসাইকেল তৈরির কারখানা তৈরির কাজ।জানতে চাইলে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, ‘জুতা ও বাইসাইকেল তৈরির কারখানা করার বিষয়ে দেড় বছর আগে টাটা গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। কিন্তু নানা কারণে উদ্যোগটি বেশিদূর আগায়নি। তবে সম্প্রতি আবার বিষয়টি আলোচনায় এসেছে। শিগগিরই কারখানা তৈরির কাজ শুরু হবে।’ মাতলুব জানান, ‘নিটল-টাটা’ ব্র্যান্ড নামেই উৎপাদিত জুতা ও সাইকেল বাজারজাত ও রপ্তানি হবে।জানা যায়, বাংলাদেশে জুতা ও বাইসাইকেল উৎপাদনের বিষয়ে ২০১০ সালের এপ্রিলে টাটা গ্রুপের অঙ্গসংগঠন টাটা ইন্টারন্যাশনাল ও নিটল-নিলয় গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। আর দুই সপ্তাহ আগে দুই ব্যবসায়ী গ্রুপের মধ্যে বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়। চুক্তির শর্ত অনুযায়ী, উৎপাদিত জুতা ও বাইসাইকেল রপ্তানিমুখী হতে হবে। কারখানার কারিগরি দিক দেখবে টাটা গ্রুপ। এ জন্য ভারত থেকে বিশেষজ্ঞ আনা হবে। তবে এ দেশের শ্রমিকেরাই কারখানায় কাজ করবে। আর পণ্য রপ্তানি করবে নিটল-নিলয় গ্রুপ।বাংলাদেশে টাটার সঙ্গে যৌথ বিনিয়োগে গাড়ির ব্যবসা রয়েছে। নিটল গ্রুপ টাটার গাড়ি এ দেশে বাজারজাত করছে ১৯৯১ সাল থেকে। জানা যায়, গাড়ির ক্ষেত্রে নিটল-নিলয় গ্রুপের মালিকানা ৬০ শতাংশ আর টাটার ৪০ শতাংশ।আবদুল মাতলুব আহমাদের আশা, জুতা ও বাইসাইকেলের ক্ষেত্রেও সমপরিমাণ মালিকানা অংশীদারি থাকবে। তিনি বলেন, ‘জুতার কারখানায় বিনিয়োগের পরিমাণ হবে ৬০ থেকে ৭০ কোটি টাকা।’জুতা কারখানায় প্রতিদিন ১০ হাজার জোড়া জুতা তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে জানান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান। তিনি জানান, এই জুতা দেশের ভেতরে বিক্রি হবে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ ও ভারতে রপ্তানি করা হবে।জুতার কারখানা হয়ে গেলেই কাজ শুরু হবে বাইসাইকেল কারখানা তৈরির কাজ।বাইসাইকেল কারখানায় কী পরিমাণ বিনিয়োগ হতে পারে জানতে চাইলে আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘আমরা যদি সিংহভাগ নিজেরাই তৈরি করি, তাহলে ১০০ কোটি টাকার মতো বিনিয়োগ করতে হবে। আর কিছু কিছু বিষয়ে সাব-কন্ট্রাক্ট দিলে যেমন—টায়ার-টিউব আরেকটি প্রতিষ্ঠানকে বানাতে দিলে ৫০ থেকে ৬০ কোটি টাকা লাগবে। তবে আমরা যেহেতু উচ্চমানসম্পন্ন বাইসাইকেল তৈরির উদ্যোগ নিয়েছি, তাই বেশির ভাগ কাজই নিজেরা করতে চেষ্টা করব।’আফ্রিকার বাইসাইকেল বাজারের বড় একটা অংশ টাটার উৎপাদিত সাইকেলের দখলে। সে কারণে টাটা এশিয়ায় তাদের উপস্থিতি আরও বাড়াতে চাইছে।এর আগে টাটা গ্রুপ এ দেশে বড়-সড় বিনিয়োগ পরিকল্পনা করেছিল।