
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে ভালো থাকবে। কৃষি, শিল্প ও সেবা—সব খাতেই প্রবৃদ্ধি আগের চেয়ে বাড়বে। প্রবাসী-আয়, মূল্যস্ফীতি, চলতি হিসাবে ভারসাম্য, রাজস্ব, রপ্তানি আয়সহ প্রায় সব সূচকেই গত অর্থবছরের চেয়ে চলতি বছরে অগ্রগতি হবে। এসবের সুফল মিলবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি)। এ বছর জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে। তবে রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের জন্য আস্থাহীনতা তৈরি করলে প্রবৃদ্ধিতে টান পড়ার ঝুঁকিও রয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৪’তে বাংলাদেশের অর্থনীতিকে বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এডিবির পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে আগের বছরের প্রায় সব সূচকের অগ্রগতি হবে। বছর শেষে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নেমে আসতে পারে। চলতি হিসাবের ভারসাম্য জিডিপির দেড় শতাংশের সমপরিমাণ উদ্বৃত্ত থাকবে। কৃষি খাতে প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে দশমিক ২ শতাংশ বেড়ে সাড়ে ৩ শতাংশ হতে পারে। আর শিল্প খাতে প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ২ শতাংশ। এক বছরে এ খাতে প্রবৃদ্ধি বাড়বে দশমিক ৮ শতাংশ। অন্যদিকে সেবা খাতে কিছুটা প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে।
মূলত চারটি ধারণার ওপর এডিবি এ পূর্বাভাস দিয়েছে। প্রথমত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সতর্কতামূলক মুদ্রানীতি গ্রহণ করবে। দ্বিতীয়ত, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা থাকবে। তৃতীয়ত, রাজস্ব আয়, বিদেশি সহায়তা আহরণ ও প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য অর্জনের সম্ভাবনা রয়েছে। চতুর্থত, রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকবে।
সংবাদ সম্মেলনে এডিবির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘অর্থনীতির সূচকগুলো ভালো অবস্থায় রয়েছে। বেশির ভাগ সূচকই সুসংহত। এত রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিদায়ী অর্থবছরে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন আসলেই উল্লেখযোগ্য। তবে বাংলাদেশের ৭ শতাংশে প্রবৃদ্ধি নিয়ে যাওয়ার মতো সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এ জন্য কলকারখানার চাহিদা মেটাতে বিদ্যুতের জোগান দরকার। এতে বিনিয়োগ আকৃষ্ট হবে। এ ছাড়া বন্দরসুবিধা ও পরিবহন খাতের দিতেও নজর দিতে হবে।’
বাংলাদেশে এডিবির আবাসিক পরিচালক কাজুহিকো হিগুচি বলেন, ‘বাংলাদেশ ভালো করছে। উন্নয়নের যাত্রায় বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এডিবি।’
এডিবি আরও বলছে, চলতি অর্থবছরে রপ্তানি আয়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে রপ্তানি তুলনামূলকভাবে বাড়বে। গত অর্থবছরে রপ্তানিতে ১২ শতাংশ প্রবৃদ্ধি ছিল। এ বছর রপ্তানি বৃদ্ধির কারণ হিসেবে এডিবি মনে করছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতি, নিরাপদ ভবন নিশ্চিত করা, শ্রম আইন অনুসরণের ফলে তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের আস্থা ফিরে আসবে; যা রপ্তানি আয় বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে।
আমদানি সম্পর্কে এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে আমদানিতে প্রবৃদ্ধি ৮ দশমিক ৯ শতাংশ। আর চলতি অর্থবছরে তা বেড়ে ১৫ শতাংশ হতে পারে। জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের জন্য পেট্রোলিয়াম পণ্যের আমদানি বাড়বে, যা বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে। অন্যদিকে মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি বৃদ্ধি পেলে উৎপাদন বাড়বে। অনুকূল আবহাওয়া থাকলে শস্য উৎপাদন বাড়বে, যা খাদ্যনিরাপত্তা সুসংহত করবে।
চলতি অর্থবছরে প্রবাসী-আয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে মনে করছে এডিবি।
অন্য দেশও ভালো করবে: এডিবির আউটলুক অনুযায়ী, বাংলাদেশ ছাড়া এশিয়ার অন্য দেশগুলোতে এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চেয়ে বেশি হবে। চলতি অর্থবছরে ভারত ৬ দশমিক ৩, শ্রীলঙ্কা সাড়ে ৭, ইন্দোনেশিয়া ৫ দশমিক ৮, মালয়েশিয়া ৫ দশমিক ৩, ভিয়েতনাম ৫ দশমিক ৭, কোরিয়া ৩ দশমিক ৮, থাইল্যান্ড সাড়ে ৪, সিঙ্গাপুর ৩ দশমিক ৯ এবং কাজাখস্তানে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। তবে চীনের প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশ কমে ৭ দশমিক ৪ শতাংশ হবে।