এ বছর ইউএসএআইডি ২০ কোটি ডলার সহায়তা দিচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি চলতি অর্থবছরে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার অর্থ-সহায়তা দেবে। ডলারের চলতি বিনিময়মূল্যে যার পরিমাণ প্রায় এক হাজার ৬২০ কোটি টাকা (প্রতি ডলার বিনিময়মূল্য ৮১ টাকা ধরে)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং ইআরডির ভারপ্রাপ্ত সচিব শফিকুল আজমের উপস্থিতিতে এই ঘোষণা দেন ইউএসএআইডির বাংলাদেশ মিশন-প্রধান রিচার্ড গ্রিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচটি খাতে উন্নয়ন কার্যক্রমে এই অর্থ-সহায়তা দেওয়া হবে। খাতগুলো হচ্ছে গণতন্ত্র ও সুশাসন, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং মানব-সহায়তা। এর মধ্যে গণতন্ত্র ও সুশাসন খাতে ৬১ লাখ, খাদ্যনিরাপত্তা খাতে পাঁচ কোটি ৪০ লাখ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সাত কোটি ৫৬ লাখ, জলবায়ু পরিবর্তন খাতে প্রায় এক কোটি ৯৪ লাখ এবং মানব-সহায়তা খাতে চার কোটি ৫৪ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে।সংবাদ সম্মেলনে ড্যান ডব্লিউ মজীনা বলেন, মিলেনিয়াম চ্যালেঞ্জ হিসাব (এমসিএ) থেকে অর্থ-সহায়তা পেতে হলে বাংলাদেশকে অবশ্যই দুর্নীতি নির্মূলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব বিষয় বিবেচনায় এই হিসাব থেকে অর্থ-সহায়তা দেওয়া হয় তার অনেকগুলোতে বাংলাদেশ ভালো অবস্থানে থাকলেও দুর্নীতির ইস্যুতে পিছিয়ে রয়েছে। মজীনা আরও বলেন, জ্বালানি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ দেশে গ্যাসের বিপুল মজুদ রয়েছে। এ ছাড়া উন্নতমানের কয়লারও বিরাট মজুদ রয়েছে, যা দিয়ে ৫০ বছরের জ্বালানির চাহিদা মেটানো সম্ভব। সে সঙ্গে রপ্তানিরও সম্ভাবনা আছে। কয়লাসম্পদের উন্নয়নে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় প্রযুক্তি-সহায়তা দিতে প্রস্তুত আছে বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রদূত জানান, চলতি বছর এ দেশে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার পরিমাণ গত বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। এশিয়ার মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের পর বাংলাদেশই যুক্তরাষ্ট্রের সর্বাধিক অর্থ-সহায়তা পেয়ে থাকে।