এ বছর পদ্মা সেতুতে বরাদ্দ ২১০০ কোটি টাকা
চলতি ২০১৩-১৪ অর্থবছরে পদ্মা সেতু নির্মাণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সংশোধিত বরাদ্দ অপরিবর্তিত থাকছে। এই বরাদ্দের পরিমাণ দুই হাজার ১০০ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। মুহিত বলেন, ‘চলতি অর্থবছরে পদ্মা সেতুতে দুই হাজার ১০০ কোটি টাকা খরচ করতে পারব। তাই এই বরাদ্দ বাড়ানো কিংবা কমানো হবে না।’
প্রসঙ্গত, চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পদ্মা সেতুর জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে স্থানীয় উৎস থেকে পাঁচ হাজার ২৫ কোটি টাকা রয়েছে। বাকি অর্থ প্রকল্প সাহায্যের। তবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ানোয় প্রকল্প সাহায্য পাওয়ার সুযোগ নেই।
তবে সংশোধিত এডিপির জন্য অর্থ মন্ত্রণালয় প্রথমে ৫৫ হাজার কোটি টাকার প্রস্তাব করেছিল। সেখানে পদ্মা সেতুর জন্য দুই হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। পরে সংশোধিত এডিপিতে আরও পাঁচ হাজার কোটি টাকা বাড়ানো হয়। তবে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাড়তি পাঁচ হাজার কোটি টাকা থেকে পদ্মা সেতু প্রকল্পে কোনো বরাদ্দ দেওয়া হবে না।
এ ছাড়া গতকাল অর্থমন্ত্রী আরও বলেন, ‘অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, সংশোধিত এডিপির আকার তিন হাজার কোটি টাকা বেড়ে ৬৩ হাজার কোটি টাকা হচ্ছে। এটা শুধু ধোঁয়াশা। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ৬০ হাজার কোটি টাকার আকার নির্ধারণ করা হয়েছে। এটা আর বাড়বে না।’
এদিকে গতকালের একনেক সভায় দুই হাজার ৭৯৩ কোটি টাকার চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদিত প্রকল্পগুলো হলো: দুই হাজার ৫৯৭ কোটি টাকার ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, ৫৪ কোটি টাকার অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্প, ১২৮ কোটি টাকার উচ্চতর নার্সিং প্রশিক্ষণের জাতীয় ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প এবং সাড়ে ৯৯ কোটি টাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ প্রকল্প।
সভা শেষে পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লা আল মামুন সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।
একনেক সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রমুখ।