এ বছর হবে ট্রানজিটের জন্য ক্রান্তিকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কনীতি, প্রতিবেশী ভারতকে ট্রানজিট দেওয়া ও দেশীয় শিল্পের সুরক্ষা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ প্রথম আলো: দেশীয় শিল্প সংরক্ষণে ট্যারিফ কমিশন কী ভূমিকা রাখছে?মজিবুর রহমান: ট্যারিফ কমিশন আইন হয়েছে ১৯৯২ সালে। এর পর থেকে দেশজ শিল্প সংরক্ষণে ট্যারিফ কমিশনের কার্যত কোনো ভূমিকা নেই। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইচ্ছা করলে যেকোনো খাতের ওপর শুল্ক বসাতে পারে, আবার শুল্ক প্রত্যাহারও করতে পারে। বিষয়টি অদ্ভুত মনে হয়। পৃথিবীর প্রায় সব দেশেই যেকোনো খাতের পণ্য আমদানির ওপর শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও অন্যান্য আনুষঙ্গিক রাজস্ব আরোপ ও প্রত্যাহারের বিষয়টি ট্যারিফ কমিশন করে থাকে। বাংলাদেশে এনবিআর কখনো কখনো ট্যারিফ কমিশনের সুপারিশ রাখে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই তা রাখা হয় না। প্রথম আলো: তাহলে সেফ গার্ড অথরিটি বা সুরক্ষা কর্তৃপক্ষ গঠন করা কতটা অর্থবহ হবে? মজিবুর রহমান: ইতিমধ্যে দেশে সেফ গার্ড অথরিটি আইন প্রণয়ন এবং এই আইনের আলোকে সেফ গার্ড অথরিটিও গঠন করা হয়েছে (ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এই কর্তৃপক্ষের চেয়ারম্যান)। বিদেশ থেকে এ দেশে নানা ধরনের পণ্য আমদানি করা হয়। এসব পণ্য আমদানির ফলে অনেক সময় সংশ্লিষ্ট খাতের দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় কিংবা এর প্রসার বাধাগ্রস্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশীয় উৎপাদকেরা এই সুরক্ষা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ এসব আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে। তবে এই সুরক্ষা কর্তৃপক্ষকে কোনো রেগুলেটরি বা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা দেওয়া হয়নি। অথচ পৃথিবীর অনেক দেশেই সেফ গার্ড অথরিটির এই ক্ষমতা রয়েছে। বাংলাদেশে সে রকম ক্ষমতা দেওয়া হলে এই অথরিটি অনেক বেশি কার্যকর হতো। আসলে ট্যারিফ কমিশনেরই মূল সমস্যা হলো এর কোনো নিয়ন্ত্রণমূলক ক্ষমতা নেই। দেশেও কোনো প্রতিযোগিতা-সক্ষমতা আইন নেই। বিদ্যমান পরিস্থিতিতে এই আইনটি প্রণয়নের সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া নিয়ন্ত্রণমূলক ক্ষমতা দিয়ে একটি প্রতিযোগিতা-সক্ষমতা কমিশন করার দরকার রয়েছে। যত দিন এটা না হচ্ছে তত দিন ট্যারিফ কমিশনকে সেই দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রথম আলো: ট্যারিফ কমিশনকে পূর্ণাঙ্গ ট্রানজিট নীতিমালার একটি খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এর অগ্রগতি কতটা?মজিবুর রহমান: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্যারিফ কমিশনের নেতৃত্বে ট্রানজিটসংক্রান্ত কোর গ্রুপ কমিটি গঠন করা হয়েছে ডিসেম্বর মাসে। আশা করি, জানুয়ারির মাঝামাঝি একটি খসড়া প্রতিবেদন তৈরি করা যাবে। তবে ট্যারিফ কমিশনের সুপারিশ কী হতে পারে তা সুনির্দিষ্ট করার মতো সময় আসেনি। পাঁচটি উপদল কাজ করছে, তাদের সুপারিশের ভিত্তিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তবে গত বছর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে ট্রানজিট বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়। তারপর এক বছরে ট্রানজিটসংক্রান্ত কার্যক্রম যতটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল ততটা হয়নি। প্রথম আলো: ভারতের সঙ্গে ট্রানজিট-সুবিধা কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে?মজিবুর রহমান: বর্তমানে সীমিত আকারে বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ভারতীয় পণ্যবাহী জাহাজ ট্রানজিট নিচ্ছে। পূর্ণাঙ্গ ট্রানজিট-সুবিধা কার্যকর করতে রাস্তাঘাট, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো পুনর্গঠন ও নির্মাণ করতে হবে। এ জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। এসব শেষ করে পূর্ণাঙ্গ ট্রানজিট-সুবিধা দিতে আরও দু-তিন বছর সময় লেগে যাবে। এসব অবকাঠামো নির্মাণে কোনোটায় দেরি হবে, আবার কোনোটা কাঙ্ক্ষিত সময়ের চেয়ে তাড়াতাড়ি হয়ে যেতে পারে। সর্বোপরি, রয়েছে রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি। তবে ২০১১ সাল হবে ট্রানজিটের জন্য একটি ‘ট্রানজিশনাল ইয়ার’ বা ক্রান্তিকাল। কেননা, ২০১১ সালে ট্রানজিট-সুবিধার জন্য নৌ, রেল, সড়কসহ বিভিন্ন অবকাঠামো খাতে বিনিয়োগ শুরু হবে। মোটামুটি ট্রানজিটের বিষয়টি একটি কাঠামোতে দাঁড়াবে। প্রথম আলো: রপ্তানি খাতকে উৎসাহিত করার ক্ষেত্রে ট্যারিফ কমিশনের ভূমিকা কী? মজিবুর রহমান: দেশের রপ্তানি খাতকে উৎসাহিত করার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ট্যারিফ কমিশন যৌথভাবে কাজ করে থাকে। ট্যারিফ কমিশন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও সমঝোতার মতো বিষয়গুলো দেখে থাকে। বর্তমানে ট্যারিফ কমিশন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্তসুবিধা নিয়ে কাজ করছে। এ ছাড়া সাফটা, আফটা, বিমসটেক নিয়ে কাজ করে যাচ্ছে ট্যারিফ কমিশন। প্রথম আলো: ব্যবসা-বাণিজ্যে ২০১১ সালটি কেমন দেখতে চান?মজিবুর রহমান: এই মুহূর্তে বাংলাদেশকে রপ্তানি প্রবৃদ্ধির দিকে বেশি নজর দিতে হবে। রপ্তানি খাতের প্রবৃদ্ধি বাড়াতে হলে তৈরি পোশাক খাতের পশ্চাদমুখী সংযোগ শিল্প শক্তিশালী করতে হবে। অভ্যন্তরীণ উৎস থেকে তুলা ও সুতার ব্যবহার বাড়াতে হবে। এ জন্য এই খাতে শক্তিশালী উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ২০১১ সালে অভ্যন্তরীণ খাদ্যনিরাপত্তার দিকে বেশি নজর দিতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা না গেলে আমদানি-ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।