এ বছর ১,৮৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রার প্রস্তাব
চলতি ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ থেকে এক হাজার ৮৭০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা প্রস্তাব করা হয়েছে, যা ২০০৯-১০ অর্থবছরের মোট রপ্তানির চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। খবর ইউএনবির।রপ্তানির প্রস্তাবিত এই লক্ষ্যমাত্রা বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করে চূড়ান্ত করা হবে। গত অর্থবছরে এক হাজার ৭৬০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও শেষ পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ৬২০ কোটি ডলার। অর্থাৎ বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত রপ্তানি আয় গত বছর আট শতাংশ কম হয়েছে। তবে ২০০৮-০৯ অর্থবছরের চেয়ে রপ্তানি আয় বেড়েছিল চার শতাংশ। মূলত বিশ্বমন্দার নেতিবাচক প্রভাবের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানির গতি শ্লথ হয়ে পড়ে। এর সঙ্গে যোগ হয় জ্বালানি ও বিদু্যুৎ-সংকট। এর ফলে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়। অবশ্য চলতি অর্থবছর তৈরি পোশাক খাতের মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক হাজার ৪০০ কোটি ডলার, যা গত অর্থবছরের প্রকৃত রপ্তানি তুলনায় ১০ শতাংশ বেশি। এর মধ্যে নিট পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৭৩০ কোটি ডলার। গত অর্থবছর নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৬৪৮ কোটি ডলার।ওভেন পোশাক রপ্তানি থেকে আয়ের জন্য এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭০ কোটি ডলার, যা ২০০৯-১০ অর্থবছরে ছিল ৬০১ কোটি ডলার।হোম টেক্সটাইল রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৫৯ কোটি ৩০ লাখ ডলার, যেখানে গত অর্থবছর আয় হয়েছিল ৫৪ কোটি ডলার।তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার হার ব্যাপকভাবে বাড়িয়েছে পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে। গত অর্থবছর পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় ধরনের উল্লম্ফন এবং বাংলাদেশি বিজ্ঞানী কর্তৃক পাটের জন্মরহস্য উদ্ঘাটন আগামী দিনগুলোয় এ খাতে রপ্তানির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। আর তাই চলতি অর্থবছর পাট ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১০০ কোটি ডলার। নতুন বছরের রপ্তানির এই লক্ষ্যমাত্রা গত অর্থবছরের প্রকৃত রপ্তানির তুলনায় ৩৮ শতাংশ বেশি। ২০০৯-১০ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৭৩ কোটি ৬০ লাখ ডলার।এবারের ১০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার মধ্যে কাঁচা পাট থেকে সাড়ে ২৫ কোটি ডলার, জুট ইয়ার্ন ও টোয়াইন থেকে ৫৭ কোটি ৭০ লাখ ডলার, পাটের গালিচা থেকে এক কোটি ডলার এবং পাট ও সিনথেটিক রশি থেকে দুই কোটি ডলার ধার্য করা হয়েছে। এ বছর হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪৮ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে সাড়ে নয় কোটি ডলার হিমায়িত মৎস্য এবং সাড়ে ৩৭ কোটি ডলার চিংড়ি থেকে আসবে বলে আশা করা হচ্ছে। বাকিটা অন্যান্য হিমায়িত খাদ্য থেকে আসবে।তবে গত অর্থবছর হিমায়িত খাদ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৪৪ কোটি ৫১ লাখ ডলার, যা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ শতাংশ ও তার আগের বছরের প্রকৃত আয়ের চেয়ে প্রায় দুই শতাংশ কম।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কৃষিপণ্য রপ্তানি বাড়াতেও আগ্রহী। আর তাই চলতি অর্থবছর কৃষি পণ্যের রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছর প্রকৃত রপ্তানি ছিল ২৪ কোটি ২০ লাখ ডলার।উল্লেখযোগ্য রপ্তানিসামগ্রীর মধ্যে পাদুকা থেকে রপ্তানি করে চলতি অর্থবছর ২২ কোটি ৮৬ লাখ ডলার আয় হবে বলে প্রত্যাশা করছে ইপিবি।প্রকৌশলসামগ্রী রপ্তানির লক্ষ্যমাত্রা গত অর্থবছরের প্রকৃত আয়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি বাড়িয়ে ধরা হয়েছে ৪৩ কোটি ৪০ লাখ ডলার। চামড়া রপ্তানি থেকে এ বছর ২৯ কোটি ৪০ লাখ ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের প্রকৃত রপ্তানি থেকে ৩০ শতাংশ বেশি।