এ বছর ৮৯ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর (২০১৪) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৮৮ হাজার ৭৫৩ কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ বিতরণ করবে, যা সদ্যসমাপ্ত ২০১৩ সালে ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ বেশি। খবর বাসসের।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগ গতকাল বুধবার সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই প্রধানের সঙ্গে এক মতবিনিময় সভায় চলতি বছরের এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে।
সভায় বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী, উপমহাব্যবস্থাপক আবুল বাশার, এস এম ফেরদৌস হোসেন ও আশ্রাফুল আলম এবং যুগ্ম পরিচালক এস এম মোহসীন হোসেন বক্তব্য দেন।
সভায় জানানো হয়, সদ্যসমাপ্ত ২০১৩ সালে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৭৪ হাজার ১৮৭ কোটি টাকা।
সেই হিসেবে চলতি বছর ১৪ হাজার ৫৬৬ কোটি টাকার বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ওই বছরের মোট লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৪ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা অনুসরণ করে এই খাতে ঋণ বিতরণ করা হচ্ছে কি না, এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হবে। এর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সম্ভাবনাময় ক্লাস্টার চিহ্নিত করে এর উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণকৃত এসএমই ঋণের সিএল প্রতিবেদনও কঠোর পর্যবেক্ষণে রাখা হবে বলে সভায় জানানো হয়েছে।