এ বছরই বাংলাদেশ-কানাডা বাণিজ্য ২০০ কোটি ডলার
চলতি ২০১০-১১ অর্থবছরেই বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। খবর ইউএনবির।গতকাল রোববার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী কানাডীয় বাণিজ্য প্রদর্শনী ‘কানাডা শোকেস-২০১১’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ঢাকায় কানাডীয় হাই কমিশন এবং বাংলাদেশ-কানাডা চেম্বার অব কমার্স (ক্যানচেম) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আর অর্থবছর শেষে তা ২০০ কোটি ডলারে গিয়ে ঠেকবে।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কানাডা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। গত অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৪০ কোটি ডলার। আগামী দিনগুলোয় তা আরও বাড়বে।’মন্ত্রী জানান, কানাডা এ পর্যন্ত বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। তিনি কানাডা সরকারকে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান এবং আরও বেশি বিনিয়োগের, বিশেষ করে বিদ্যুৎ খাতে কানাডীয় বিনিয়োগের আহ্বান জানান।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে কানাডীয় এ অনুষ্ঠানে তিনি কানাডার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘বাংলা ভাষা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা যেন স্বীকৃতি পায়, সে ব্যাপারে বাংলাদেশ দাবি জানাচ্ছে।’ বাংলাদেশের এ দাবির প্রতি সমর্থন দেওয়ার জন্য তিনি কানাডার প্রতি অনুরোধ জানান।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদ রহমান উপস্থিত ছিলেন।প্রদর্শনীতে সোলার এনার্জি, কম্পিউটার সার্ভিস, খাদ্যশস্য ও শস্যের বীজ, কানাডিয়ান হুইট বোর্ড, কানাডীয় ইতিহাদ এয়ারওয়েজ, কানাডীয় হাইকমিশন, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্সসহ মোট ২৫টি প্রতিষ্ঠান স্টল এবং বিভিন্ন পণ্যের পসরা নিয়ে অংশগ্রহণ করেছে।দুই দেশের মধ্যকার বাণিজ্য ভারসাম্য বর্তমানে বাংলাদেশের অনুকূলে রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে কানাডায় পণ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ।কানাডায় বাংলাদেশের প্রধান রপ্তানিজাত দ্রব্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, তাবু, হিমায়িত মাছ, সিরামিক টেবিল ওয়্যার, পাটজাত পণ্য, টেরি টাওয়েল, হস্তশিল্প, চামড়ার তৈরি পাদুকা ইত্যাদি। আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে কৃষিজ পণ্য, বিশেষ করে গম, ডাল, প্রাণিজ ও উদ্ভিজ্জ পণ্য, খনিজদ্রব্য ইত্যাদি।উল্লেখ্য, বাংলাদেশি পণ্য বর্তমানে কানাডার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। শুধু তাই নয়, যেসব উন্নত দেশ বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান করেছে, তাদের মধ্যে কানাডার উৎসবিধি (রুলস অব অরিজিন) সবচেয়ে সহজ বলে বিবেচিত হয়। সে কারণেই বাংলাদেশি রপ্তানিকারকরা বাজার সুবিধা অনেকটা সহজে কাজে লাগাতে সক্ষম হচ্ছেন।