এ বছরই ২০০০ উদ্যোক্তা তৈরি করবে ডিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে নতুন দুই হাজার উদ্যোক্তা তৈরি করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।ওই সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজসহ সারা দেশে প্রচারণা চালিয়ে বিভিন্ন খাতে এ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা করেছে বাণিজ্য সংগঠনটি।রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এমন আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন ডিসিসিআই সভাপতি মো. সবুর খান। নতুন উদ্যোক্তা তৈরির এই প্রকল্প সম্পর্কে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সহসভাপতি নেসার মাকসুদ খান ও আবসার করিম চৌধুরীসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।ডিসিসিআইয়ের সভাপতি বলেন, দেশে তরুণ উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনেকেই এখন হতাশাগ্রস্ত। সে কারণে বিশ্বের মধ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বাংলাদেশের অবস্থান নেতিবাচক। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ রিসার্চ অ্যাসোসিয়েশনের (জিইআরএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ব্যবসা শুরুর ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের ৭২ শতাংশই মনে করেন, তাঁরা ব্যর্থ হবেন।সবুর খান বলেন, উদ্যোক্তা তৈরিতে ডিসিসিআই উদ্যোগ নিতে চায়। উদ্যোক্তাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হবে। একই সঙ্গে ব্যবসা-সম্পর্কিত বাধাগুলো মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।যেভাবে উদ্যোক্তা তৈরি: ডিসিসিআইয়ের সভাপতি জানান, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা শিক্ষার্থী যাঁরা নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে আগ্রহী, তাঁরাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এ ছাড়া কর্মজীবী ও পেশাজীবী, তরুণ ও মহিলা উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, এনজিও, কৃষি, স্বাস্থ্য, বাণিজ্য, রিয়েল এস্টেট এবং পরিবেশ খাতের পেশাজীবীদেরও এ ক্ষেত্রে বিবেচনা করা হবে।এদের কাছ থেকে কয়েকটি খাতের প্রকল্প চাওয়া হবে। খাতগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও যোগাযোগ, সৌরশক্তি, নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানি, বায়োগ্যাস, ফ্যাশন ডিজাইনিং, ব্র্যান্ডিং ও মিডিয়া, প্রসাধন, হারবাল ফ্যাশন, স্থাপত্য ও কারুশিল্প, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইটিইএস, আউটর্সোসিং ও ই-কমার্স, ইলেকট্রনিকস ও হালকা প্রকৌশল, কৃষি এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও সেবা।আগ্রহী উদ্যোক্তারা অনলাইনে তাঁদের প্রকল্প পাঠাবেন। নির্বাচিত প্রকল্পের উদ্যোক্তারা ঢাকায় অনুষ্ঠেয় উদ্যোক্তা ও উদ্ভাবন মেলায় তাঁদের প্রকল্প প্রদর্শন করবেন। সব উদ্যোক্তা ও তাঁদের প্রকল্পের রূপরেখা তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে।