ব্যাংক খাতে স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ
এ বছরেই আন্তশাখা সংযোগ স্থাপনের পরামর্শ
দেশের সব তফসিলি ব্যাংককে চলতি ২০১০ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক আন্তশাখা সংযোগ স্থাপনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) নিশ্চিতেরও তাগিদ দিয়েছে।দেশে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থা (অটোমেটেড ক্লিয়ারিং হাউস) চালু করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এসব প্রস্তুতি সম্পন্ন করতে তাগাদা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে গতকাল বুধবার এ বিষয়ে ব্যাংকগুলোকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, কোর ব্যাংকিং সলিউশন হলো এক ধরনের সফটওয়্যার, যার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়।কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, বেশ কিছু ব্যাংক ইতিমধ্যে এসব প্রস্তুতি সম্পন্ন করে সংযোগব্যবস্থার আওতায় এসেছে। যারা এখনো এ প্রস্তুতি শেষ করতে পারেনি, তাদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে মতিঝিলে স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থার তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার) এবং মিরপুরে প্রযুক্তির ক্ষেত্রে কোনো ধরনের বিপর্যয় হলে তথ্য পুনরুদ্ধারকেন্দ্র স্থাপন করেছে। এ দুটি কেন্দ্রের সঙ্গে ব্যাংকগুলোর সংযোগও স্থাপন করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, অচিরেই ঢাকা শহরে স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যাবে।এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ই-কমার্স সম্পর্কিত নিদের্শনা প্রদানসহ মোবাইল পেমেন্ট কার্যক্রমের অনুমোদন দিয়েছে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আধুনিকায়নের তথ্যপ্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ সামগ্রিক কার্যপদ্ধতিতে উত্কর্ষ সাধন করবে, যা এ ব্যবস্থাকে ফলপ্রসূ, সূক্ষ্ম, মূল্যসাশ্রয়ী ও নিরাপদ করবে।