এ বিনিয়োগ বিদেশিদের কাছে নতুন বার্তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রূপগঞ্জে ১২০ কোটি টাকা ব্যয়ে নতুন এয়ার সেপারেশন ইউনিট করছে লিন্ডে বাংলাদেশ। বাংলাদেশের গ্যাসের বাজার ও সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন লিন্ডে গ্যাসের সাউথ এশিয়ান বিজনেসের কান্ট্রি ক্লাস্টার হেড মলয় ব্যানার্জি ও লিন্ডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইরফান শিহাবুল মতিন
মলয় ব্যানার্জি ও ইরফান শিহাবুল মতিন
মলয় ব্যানার্জি ও ইরফান শিহাবুল মতিন

প্রথম আলো: লিন্ডে বাংলাদেশের নতুন বিনিয়োগ পরিকল্পনাটি কী?
মলয় ব্যানার্জি: এখানে অনেক কিছুই করতে যাচ্ছে লিন্ডে বাংলাদেশ। এ দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির আরও সুযোগ রয়েছে। ব্যবসা-বাণিজ্যেরও প্রসার হচ্ছে। তাই লিন্ডে বাংলাদেশও এ দেশে নতুন বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। রাজধানীর অদূরে রূপগঞ্জে এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) নির্মাণ করবে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এ ইউনিট নির্মাণের জন্য ১২০ কোটি টাকা বা ১ দশমিক ৪৬ কোটি ইউরো বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এই এয়ার সেপারেশন ইউনিটটি দৈনিক প্রায় ১০০ টন তরলীকৃত গ্যাস উৎপাদন করবে, যা বাংলাদেশে সর্ববৃহৎ। ২০১৭ সালে এ কারখানা উৎপাদন শুরু করে গ্রাহকসেবা দিতে পারবে। বাংলাদেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা, খাদ্য ও কোমল পানীয়, ফ্যাব্রিকেশন, ওষুধ, জাহাজভাঙা এবং জাহাজনির্মাণ শিল্পসমূহে গ্যাস সরবরাহ করবে। এ ছাড়া রূপগঞ্জের কারখানাটি সব শ্রেণির গ্রাহককে বিভিন্ন ধরনের সিলিন্ডার সরবরাহ সুবিধাও দেবে।
যেহেতু প্রবৃদ্ধি হচ্ছে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে; তাই এ ধরনের বিনিয়োগ বিদেশিদের কাছে বাংলাদেশ সম্পর্কে একটি নতুন বার্তা দেবে। বাংলাদেশ কয়েক বছর ধরে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করছে। এটা বেশ স্থিতিশীল। আর গ্যাসের বাজার প্রতিবছর গড়ে ১০ শতাংশের বেশি বাড়ছে।
ইরফান শিহাবুল মতিন: গ্যাস খাতটি যেহেতু দেশের প্রবৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত, তাই আমরাও এ দেশের প্রবৃদ্ধির নীরব অংশীদার। এ জন্য আমরা গর্ব বোধ করি। প্রবৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত প্রায় সবখানেই আমাদের গ্রাহক রয়েছে। পদ্মা সেতু হচ্ছে, এতে গ্যাসের বাজার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রথম আলো: বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বাংলাদেশে অবকাঠামো দুর্বলতা রয়েছে। এ বিষয়টি আপনারা কীভাবে দেখেন?
মলয় ব্যানার্জি: হ্যাঁ, এটা ঠিক। অবকাঠামো না থাকলে বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন। আমরা যেহেতু গ্যাস সরবরাহ করি গ্রাহকের কাছে, তাই মসৃণ যোগাযোগব্যবস্থা থাকতে হবে। অবশ্যই সড়ক যোগাযোগব্যবস্থার মতো অবকাঠামো দরকার। এতে সহজে, দ্রুত ও নিরাপদভাবে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তাই অবকাঠামো তৈরি করলে শুধু পণ্য সরবরাহের নিশ্চয়তাই তৈরি হয় না, যাত্রা নিরাপদও হয়।
প্রথম আলো: জ্বালানি সংকট কীভাবে ব্যবসাকে বিঘ্নিত করছে?
মলয় ব্যানার্জি: এ দেশে জ্বালানি সংকট একটি বড় সমস্যা। আমাদের প্ল্যান্টগুলো গ্যাসভিত্তিক। গ্রাহককে সেবা দিতে হলে আমাদের কারখানায় ২৪ ঘণ্টা গ্যাস থাকতে হবে। অনেক সময় গ্যাসের চাপ কমে যায়। এ ধরনের পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হয়েছে। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
প্রথম আলো: বাংলাদেশের গ্যাসের বাজারে লিন্ডের অংশীদারত্ব কী পরিমাণ?
ইরফান শিহাবুল মতিন: লিন্ডের কী পরিমাণ বাজার অংশীদারত্ব রয়েছে, তা বলা সম্ভব নয়। কেননা আমাদের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর কেউ এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে না। কিন্তু আমরা বার্ষিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য প্রকাশ করি। তবে এটুকু বলতে পারি, এ বাজারে লিন্ডে নেতৃত্ব দিচ্ছে। আমাদের অভ্যন্তরীণ হিসাবে, গ্যাস খাতে বাজার অংশীদারত্ব ৬০ শতাংশের বেশি হতে পারে। আর ওয়েল্ডিং খাতে ৭০ শতাংশের বেশি অংশীদারত্ব রয়েছে লিন্ডের।
প্রথম আলো: লিন্ডের পণ্যের দাম নির্ধারণের কৌশল কী?
মলয় ব্যানার্জি: বিপণন কৌশল সম্পর্কে আমার অবস্থান থেকে বলতে পারি না। গ্রাহকের সন্তুষ্টিই হলো বড় কথা। তাই প্রতিযোগীরা কীভাবে দাম নির্ধারণ করছে, সেটা বড় কথা নয়। দিন শেষে আমাদের পণ্য গ্রাহকেরা কীভাবে ব্যবহার করছেন, সেটাই বড় কথা। আমাদের দৃষ্টিভঙ্গি হলো, পণ্যটি গ্রাহকের কাছে কতটা মূল্য সংযোজন করছে। বাজারে আমাদের শক্ত অবস্থান রয়েছে। এটা সহজে আসেনি। ব্যবসার মধ্যে স্বচ্ছতা আছে বলেই বছরের পর বছর ধরে গ্রাহকেরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতি তাঁদের আস্থা রয়েছে।
প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়, বিশেষ করে সরবরাহ ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়েছে?
মলয় ব্যানার্জি: রাজনৈতিক অস্থিরতা জনজীবন ও ব্যবসায় প্রভাব পড়বেই। এটা শুধু আমাদের ব্যবসা নয়, সব ব্যবসায় প্রভাব পড়ে। এ বছরের প্রথম প্রান্তিকের রাজনৈতিক অস্থিরতা ব্যবসায় কেমন প্রভাব পড়েছিল, তা আপনারা দেখেছেন। তবে সেই অবস্থা থেকে বেশ ভালোভাবেই ফিরে আসা সম্ভব হয়েছে।
ইরফান শিহাবুল মতিন: ক্রমাগত হরতাল, অবরোধের মধ্যেও আমরা চেষ্টা করেছি গ্রাহককে সেবা দিতে। আর এটাই গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সেই তিন-চার মাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সরবরাহকারী গাড়িকে নিরাপত্তা দিয়েছে। এমন প্রতিকূলতার মাঝেও এভাবে গ্রাহককে সেবা দিতে পারলে ব্যবসা ভালো হবেই। এ ছাড়া অতিবৃষ্টিসহ অন্য প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা সরবরাহ দিতে প্রতিশ্রুতি দিয়ে থাকি।
সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ