বর্তমানে মধ্যবিত্ত শ্রেণির যে বিকাশ ঘটেছে, তাদের দিয়ে উন্নয়ন টেকসই হবে না। ভোগবাদকে প্রাধান্য না দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে। জ্ঞানভিত্তিক মধ্যবিত্ত শ্রেণি গড়ে উঠলে দ্রুত উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার সাবেক ব্যাংকার, প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং পার্টনার মামুন রশীদের মধ্যবিত্তের বিকাশ ও ভোগবাদের উত্থান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। মহাখালীর ব্র্যাক সেন্টারে এ অনুষ্ঠান হয়। আগামী প্রকাশনী এ বইটি প্রকাশ করেছে। এতে অর্থনীতি নিয়ে ২৬টি প্রবন্ধ রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেন, ঋণ যে উদ্দেশ্যে দেওয়া হয়, তা অনেক সময় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো দেখে না। ঋণগ্রহীতারা ব্যবসা করতে পারবেন কি না, এ ব্যবসায় ঝুঁকি আছে কি না—এসব দেখা হয় না। বিনিয়োগের ফলাফলে মনোযোগী হন না তাঁরা। এসব ব্যাংকের কর্মকর্তারা ঋণ অনুমোদন প্রক্রিয়ার কাগজপত্র ঠিক আছে কি না, তা দেখতেই বেশি মনোযোগী হন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা মো.¯আজিজুল ইসলাম বইয়ের একটি প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে বলেন, শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করতে ওই কোম্পানির জন্য করপোরেট কর হার কম থাকতেই হবে। গ্রামীণফোন ও বার্জার পেইন্টের মতো প্রতিষ্ঠান শেয়ারবাজারে যাওয়ার অন্যতম কারণ হলো কর হার কম।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ইউরোপে রেনেসাঁর জন্ম দিয়েছে যে মধ্যবিত্ত, সেই মধ্যবিত্ত এ দেশে হয়নি। এ দেশের মধ্যবিত্ত ৮০ হাজার টাকা দিয়ে আইফোন কেনে, কিন্তু বই কেনে না। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ মধ্যবিত্ত কোনো কাজে আসবে না। তিনি আরও বলেন, গণতন্ত্র পড়ে থাকুক, আগে উন্নয়ন চাই—এ ধারণা ঠিক নয়। উন্নয়ন টেকসই করতে হলে গণতন্ত্র লাগবে।
মধ্যবিত্তের বিকাশ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, ‘ভোগবাদকে প্রাধান্য না দিয়ে মানবিক সমাজ কীভাবে গঠন করা যায়, সেটা দেখতে হবে। জ্ঞানভিত্তিক মধ্যবিত্ত সমাজ তৈরি হলে দ্রুত উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারব।’ তিনি বলেন, ‘জিনস, টয়লেট টিস্যু ব্যবহার করলেই শুধু প্রকৃত মধ্যবিত্ত হওয়া যায় না। জ্ঞানের বিকাশও থাকতে হবে সেই সমাজে।’
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম বলেন, গণতন্ত্রের জন্য অনেকের হাপিত্যেশ আছে। এটা ঠিক যে গণতন্ত্র এখনো ধীরগতিতে আছে। গণতন্ত্র না থাকলে সমৃদ্ধি আসলেও তা টেকসই হবে না। এর একটি বড় উদাহরণ সিরিয়া। সিরিয়া ধনী দেশ হয়েও শুধু গণতন্ত্র না থাকায় প্রায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
বইয়ে ‘বাংলাদেশ সেনাবাহিনী: আধুনিকায়নের চ্যালেঞ্জ’ শিরোনামের একটি নিবন্ধ রয়েছে। গতকালের আলোচনায় এ নিবন্ধ নিয়েও বক্তারা কথা বলেন।
এ নিবন্ধ প্রসঙ্গে বিনায়ক সেন বলেন, সবকিছুর মধ্যে ভালো খোঁজা মুদ্রাদোষে পরিণত হয়েছে। তাহলে খারাপটা বলবে কে? সেনাবাহিনীর শুধু আধুনিকায়ন নয়, সব বিষয়ই দেখতে হবে। ২০০৭ সালের পর সেনাবাহিনীর কী ভূমিকা ছিল, তা এখন কাগজে দেখতে পাচ্ছি। এ ধরনের অসুখ রেখে সেনাবাহিনীকে আধুনিক কীভাবে করা হবে?
এ প্রসঙ্গে মামুন রশীদ বলেন, এ বইয়ের ‘এ খাঁচা ভাঙব আমি কেমন করে?’ নিবন্ধটি পাঁচটি পত্রিকা ছেপেছে। কিন্তু সেনাবাহিনী নিয়ে নিবন্ধটি কেউ ছাপেনি। তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি এ বাহিনী ব্যবসায় কতটা আসবে, সেটা নিয়েও আলোচনা হওয়া উচিত।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি ও লঙ্কাবাংলা ফিন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার।