এ মাসেই ডিমিউচুয়ালাইজেশনের ধারণাপত্র জমা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) ডিমিউচুয়ালাইজেশনের ধারণাপত্র চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। চূড়ান্ত ধারণাপত্র ৩০ ডিসেম্বরের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মূলধন অধিশাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়।এসইসির অধ্যাদেশ ১৯৬৯-এর ২০এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই পত্রে উল্লেখ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। দুই স্টক এক্সচেঞ্জের পরিকল্পনা অবহিত হওয়ার পর অর্থমন্ত্রী কিছু পরামর্শ দেন। এর ভিত্তিতে ডিমিউচুয়ালাইজেশন-সংক্রান্ত ধারণাপত্র (কনসেপ্ট পেপার) চূড়ান্ত করা হবে।ওই ধারণাপত্রে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ডিমিউচুয়ালাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে সামগ্রিক পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী স্টক এক্সচেঞ্জের মালিকানা বিভাজন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ক্ষমতা, কার্যক্রম ও জবাবদিহিতা নির্দিষ্টকরণ এবং লেনদেনে মধ্যস্থতাকারী (ব্রোকারেজ) প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া পুনর্বিন্যাস করা হবে। ডিমিউচুয়ালাইজেশনের প্রাথমিক কাজ হিসেবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় আইন ও বিধিবিধানের সংস্কার, সম্পদ পুনর্মূল্যায়ন এবং লেনদেনের পদ্ধতিসহ সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা হবে।এ ব্যাপারে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলো অনলাইনকে বলেন, স্টক এক্সচেঞ্জ বিন্যস্তকরণের প্রস্তুতির কাজ অব্যাহত রয়েছে। নির্ধারিত সময়ের আগেই ধারণাপত্র চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানান তিনি।