এ মাসেই সংশোধিত বাজেট সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের (২০০৯-১০) বাজেট পর্যালোচনা বিবৃতি জাতীয় সংসদের চলতি অধিবেশনেই উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী জানান, এবার সংশোধিত বাজেট হবে দুটি। একটি মার্চে, অন্যটি জুনে। দুটিরই পর্যালোচনা বিবৃতি উপস্থাপন করা হবে সংসদে। পাশাপাশি অর্থমন্ত্রী এখন পর্যন্ত সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নীতিমালা তৈরি না হওয়ার পেছনে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন। গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নবনিযুক্ত কমিটির এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এসব কথা জানান। ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।অর্থমন্ত্রী জানান, সংশোধিত বাজেট বিবৃতির প্রথমটি ৮ মার্চ সংসদে উপস্থাপন করা হবে। অন্যটি অর্থবছরের শেষে জুনের দিকে। প্রথমটির মাধ্যমেই সম্পদ আদায় ও এর ব্যয় সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তিনি। প্রতিশ্রুতি থাকলেও জেলাভিত্তিক বাজেট এবার হচ্ছে না বলে বৈঠকে আভাস দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মধ্য মেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতায় ৩২টি মন্ত্রণালয় রয়েছে। এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছে। কিন্তু জেলাওয়ারি বরাদ্দ আর দেওয়া হয়নি। অর্থমন্ত্রী বলেন, ‘চেয়েছিলাম অন্তত একটি জেলায় হলেও বাজেট বরাদ্দ দিতে। কিন্তু কাজটি হয়ে উঠল না। তবে ভবিষ্যতে পাঁচ বছরের জন্যই জেলাওয়ারি বাজেটের চিন্তা করা হচ্ছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘পিপিপি করা হয়েছে, কিন্তু এর নীতিমালা তৈরি করা হয়নি। একমাত্র কারণ আমলাতান্ত্রিক জটিলতা। তারা পরিবর্তনের পক্ষে নয়, তাই উত্সাহ দেখাচ্ছে না। স্বাভাবিক কারণেই নীতিমালা তৈরিতে মন্থর গতি দেখা যাচ্ছে।’ মুহিত বলেন, ‘মনে করেছিলাম, অন্তত বিদ্যুত্ ও যোগাযোগ খাতে পিপিপির মাধ্যমে কিছু বিনিয়োগ আসবে। কিন্তু আসেনি। আর বিনিয়োগ বোর্ডই তো (বিওআই) এতদিন অকার্যকর ছিল। কয়েক দিন আগে মাত্র এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।’ বৈঠকে বেসরকারি খাতের কিছু প্রবণতার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, সরকারের ওপর তাদের নির্ভরতা অতি মাত্রায়। তারা বেশ প্রণোদনা-সহায়তা পাচ্ছে। বিশ্বমন্দার প্রভাবে যে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, তার বেশির ভাগই ইতিমধ্যে ছাড় করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাত অনেক প্রসারিত হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও পোশাক রপ্তানিকারকেরাও সরকার থেকে ভালোই সাহায্য নেয়। বিনিময়ে সরকারকে তেমন কিছুই দেয় না তারা। তারা মাঝেমধ্যেই সরকারের কাছে আসে, আরও কত বেশি সাহায্য-সহযোগিতা নেওয়া যায়, সেই চিন্তা থেকে।অর্থমন্ত্রী বলেন, যোগাযোগ খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তবে এ খাতে অর্থ পানিতে ঢালার প্রবণতা বন্ধ করতে হবে। অগ্রাধিকার এই খাতের মধ্যে আবার অগ্রাধিকার পাবে রক্ষণাবেক্ষণ। তারপর মেরামত এবং নতুন নির্মাণ।আবুল মাল আবদুল মুহিত বলেন, সংসদীয় কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বেশি বৈঠক হয়নি এবার। ভবিষ্যতে তা বাড়ানো হবে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা থাকলেও জ্বালানি তেলের দাম শিগগিরই বাড়ছে না।অর্থমন্ত্রী আরও জানান, ৩ মার্চ বুধবার বিমাসংক্রান্ত দুটি বিল ‘বীমা আইন ২০০৯’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৯’ উপস্থাপন করা হচ্ছে সংসদে। প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় আইন দুটিকে অনুমোদন দেওয়া হয়। প্রসঙ্গত, ২০০৯-১০ অর্থবছরের জন্য এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার মূল বাজেট প্রণীত হয়েছে।২০০৮-০৯ অর্থবছরের মূল বাজেটের আয়তন ছিল ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা। পরে সংশোধিত বাজেট তা কমিয়ে ৯৪ হাজার ১৩০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। চলতি অর্থবছরের বাজেটের মোট ব্যয়ের বিপরীতে বৈদেশিক উন্নয়নসহ রাজস্ব আয় প্রাক্কলন করা হয় ৮৪ হাজার ৫৯১ কোটি টাকা। ফলে ২৯ হাজার ২২৮ কোটি টাকার ঘাটতি দেখা দেয়, যা মেটাতে দেশি ও বিদেশি উত্স থেকে সরকারকে ঋণ করতে হচ্ছে।