এ সরকারের আমলেই ভুটান-বাংলাদেশ ট্রানজিট: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের মেয়াদেই ভুটান-বাংলাদেশ ট্রানজিট, হালুয়াঘাট স্থল ও শুল্কবন্দরে ইমিগ্রেশন বা যাত্রী পারাপারের সুবিধা ও সীমান্ত হাট চালু করা হবে। আর এতে বাংলাদেশই বেশি লাভবান হবে।প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের গোবড়াকুড়া এবং কড়ইতলী স্থল ও শুল্কবন্দর পরিদর্শনে এসে গত বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ টি এম হাসান আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুবুল আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার জোবায়দুর রহমান, হালুয়াঘাট উপজেলার চেয়ারম্যান আলী আজগরসহ আমদানি-রপ্তানিকারক সমিতির নেতা ও প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী হালুয়াঘাটের কড়ইতলী শুল্কবন্দর পরিদর্শন করে সীমান্তের জিরো পয়েন্টে গেলে সেখানে তাঁদের অভিনন্দন জানান ভারতের আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি বিজয় সিংহ যোশী ও কাস্টমস সুপার।