এআইআইবিতে যাত্রার শুরুতেই ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত বছরের ২৯ জুন চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশসহ ৫০টি দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে আর্টিকেল অব অ্যাগ্রিমেন্ট (এওএ) সই করে। পরে আরও সাতটি দেশ সই করে। এরপর গত ১৬ জানুয়ারি এআইআইবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠিত হয় প্রথম বোর্ড অব গভর্নরসের সভা। সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেয়।
বাংলাদেশ গেলেও সেখানে সদস্যের মর্যাদা পায়নি। কারণ বাংলাদেশ চাঁদার অর্থ পরিশোধ করেনি। তাই বাংলাদেশ সেখানে গেছে শুধু সদস্য হতে ইচ্ছুক দেশ হিসেবে। ইতিমধ্যে ৩০টি দেশ চাঁদা পরিশোধ করে পূর্ণাঙ্গ সদস্য হয়ে গেছে। চাঁদা পরিশোধ করে সদস্য না হওয়ায় বাংলাদেশ বোর্ড অব গভর্নরস ও বোর্ড অব ডাইরেক্টরস—কোনোটিতেই এখনো পদ পায়নি। তবে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে চাঁদা পরিশোধের সময় আছে।
দেশে ফিরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের কাছে এ নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ওপর অসন্তোষ প্রকাশ করেছেন।
অবশ্য পুরো বিষয়টিকে অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান ‘ভুল’ হিসেবে মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের একটি ভুল হয়ে গেছে। এখন তা কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ইআরডি সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী বেইজিং থেকে দেশে ফিরেই ইআরডিকে দ্রুত সদস্যপদ নেওয়ার চাঁদা পরিশোধ ও আনুষঙ্গিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। এআইআইবির সদস্যপদের জন্য পরিশোধিত মূলধন হিসেবে বাংলাদেশকে ১৩ কোটি ২১ লাখ ডলার বিভিন্ন কিস্তিতে পরিশোধ করতে হবে। টাকার অঙ্কে এর পরিমাণ ১ হাজার ৫০ কোটি। প্রথম কিস্তি হিসেবে ১০৫ কোটি টাকা পরিশোধের জন্য রাষ্ট্রপতি ইতিমধ্যে মঞ্জুর করেছেন বলে ইআরডির দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
চাঁদা পরিশোধ ছাড়াও এআইআইবির সদস্য হওয়ার জন্য আইনগত ভিত্তি তৈরি করতে হবে বাংলাদেশকে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থবিল, ২০১৬ গত সোমবার বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি আরও অধিকতর যাচাই-বাছাই করার জন্য জাতীয় সংসদ তা অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছে। ১৫ ফেব্রুয়ারি স্থায়ী কমিটিতে এ বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, ইচ্ছা করলে অধ্যাদেশ দিয়েও অনুমোদন দেওয়া যেত। যেহেতু সংসদ কার্যকর রয়েছে, তাই সংসদেই এটি পাস হবে। আশা করি চলতি অধিবেশনেই এ বিল পাস হবে। তাঁর মতে, বাংলাদেশে যেহেতু অবকাঠামো উন্নয়নের ব্যাপক চাহিদা রয়েছে, তাই এআইআইবি থেকে বাংলাদেশ সুফল পাবে।
এ সম্পর্কে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এ সংসদ অধিবেশনে বিলটি পাস হলে সময়ের আগেই বাংলাদেশ সদস্য হতে পারবে। এতে ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
জানা গেছে, ভুটান ও আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো এআইআইবিতে যোগ দিয়েছে। চাঁদা পরিশোধ করে নিজ নিজ দেশের অনুসমর্থন নিয়ে ইতিমধ্যে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপ সদস্য হয়ে গেছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ এখনো হয়নি।
চীনের নেতৃত্বে গঠিত এআইআইবির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ১০ হাজার কোটি মার্কিন ডলার। সদস্য পদের জন্য বাংলাদেশের শেয়ারের মূল্য ৬৬ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে পরিশোধিত মূলধন হিসেবে ১৩ কোটি ২১ লাখ ডলার চাঁদা হিসেবে বলা হচ্ছে। বাকি ৫২ কোটি ৮৪ লাখ ডলার অপরিশোধিত মূলধন হিসেবে থাকবে।
জাহিদ হোসেনের মতে, এআইআইবির ঋণের সুদের হার বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নমনীয় ঋণের সুদের হারের চেয়ে বেশি হবে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এআইআইবি আন্তর্জাতিক বাজারে বন্ড ছেড়ে তহবিল সংগ্রহ করবে। এর সঙ্গে যোগ হবে পরিচালন ব্যয়। সুদের হার বেশি হলেও সুবিধা হলো, বাংলাদেশের মতো দেশে বড় অবকাঠামো তৈরির তহবিল প্রস্তুত থাকবে।