এআইআইবিতে যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকারের এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগ দিতে আর্থিক প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করতে যাচ্ছে বাংলাদেশ। ২৩ অক্টোবর চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী সম্প্রতি বাসসকে জানান, ‘এআইআইবির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক মনে করছি। এ কারণে চীন সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে এআইআইবিতে যুক্ত হতে যাচ্ছি।’ তিনি বলেন, যেকোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্যদের সব সময় বেশি গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এশিয়ার ২৬টি দেশ নিয়ে গঠিত চীনভিত্তিক সংগঠন ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’ এআইআইবি গঠনের প্রথম ধারণা নিয়ে আসে। পরে চীন সরকার এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে এআইআইবি প্রতিষ্ঠার প্রস্তাব করে। ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ হবে ১০ হাজার কোটি ডলার।
বাসস