এআইআইবির কার্যক্রম শুরু শনিবার থেকে
চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী শনিবার।
রাজধানী বেইজিংয়ে শনিবার সকালে এআইআইবির কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে চীন। এতে যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার রাতে ঢাকা ছেড়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কে কিয়াং উপস্থিত থাকবেন। ব্যাংকের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন চীনের সাবেক অর্থমন্ত্রী জিন লিকুয়ান।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এআইআইবির কার্যক্রম উদ্বোধনের পর বোর্ড অব গভর্নরসের তিনটি অধিবেশন রয়েছে—আবদুল মুহিত যার সবগুলোতেই অংশ নেবেন। এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুয়ানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন অর্থমন্ত্রী।
১০ হাজার কোটি ডলার মূলধন নিয়ে চীনের নেতৃত্বে এআইআইবি গঠিত হয় ২০১৪ সালের ২৪ অক্টোবর। এরপর গত জুনে বাংলাদেশসহ ৫০টি সদস্য দেশ চুক্তি সই করে। চীনের পাশাপাশি ভারত, রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া এআইআইবির অন্যতম শেয়ারহোল্ডার। বাংলাদেশসহ এর সদস্য বর্তমানে ৫৭টি দেশ।
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অবকাঠামো উন্নয়ন ও সংযোগ স্থাপনে ঋণ ও অর্থ সহায়তা দেওয়াই এআইআইবি গঠনের উদ্দেশ্য। শুরুর দিকে এশিয়ার পরিবহন, জ্বালানি, টেলিযোগাযোগ ও অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগ করবে বলে জানা গেছে।
এআইআইবি গঠনের উদ্যোগকে অবশ্য অনেক দেশই সরলভাবে মেনে নেয়নি। পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিদ্বন্দ্বী হিসেবেও ভাবা হচ্ছে এই সংস্থাটিকে।
এআইআইবি নিয়ে অর্থনীতিবিদেরা নানাভাবে বিশ্লেষণ করছেন। তাঁদের মতে, চীন এখন বড় অর্থনৈতিক শক্তি। কিন্তু যুক্তরাষ্ট্র বা জাপানের চেয়েও বিশ্বব্যাংক-আইএমএফে চীনের প্রভাব কম। যেমন এডিবিতে চীনের চেয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের শেয়ার তিন গুণ বেশি। আইএমএফে চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের শেয়ার বেশি পাঁচ গুণ।
জানা গেছে, এআইআইবির সদস্য ৩০টি দেশের মধ্যেই রয়েছে মোট মূলধনের ৯৩ দশমিক ৯৯ শতাংশ। ৬ দশমিক ৯৯ শতাংশ এখনো বাকি আছে। সবচেয়ে বেশি মূলধন চীনের ২৯ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া ভারতের ৮ দশমিক ৪, পাকিস্তানের ১ দশমিক ২ ও বাংলাদেশের শূন্য দশমিক ৭ শতাংশ।
এ নিয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, যে বিবেচনাতেই গঠিত হোক না, এআইআইবি বাংলাদেশের জন্য আশীর্বাদই হবে। কারণ, অবকাঠামো খাতের উন্নয়নে বাংলাদেশের বিপুল বিনিয়োগ দরকার, যা বিশ্বব্যাংক, এডিবি বা আইডিবির (ইসলামি উন্নয়ন ব্যাংক) অর্থায়নে কুলাচ্ছে না।
জাহিদ হোসেন বলেন, বাস্তবতা মানতে হবে। চীন যে এখন অর্থনৈতিক শক্তি, আইএমএফই তো সেই স্বীকৃতি দিয়েছে। একসময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ছিল দুই পরাশক্তি। এখন সেই সোভিয়েত ইউনিয়ন নেই, সেই যুক্তরাষ্ট্রও নেই।
দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নের ওপর বিশ্বব্যাংকের গত বছরের এক সমীক্ষায় বলা হয়, আগামী ১০ বছরের প্রতিটি বছরে বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের দরকার ৭০০ থেকে এক হাজার কোটি ডলার। অর্থাৎ ১০ বছরে মোট দরকার পড়বে ৭ হাজার থেকে ১০ হাজার কোটি ডলার (১ ডলার ৭৮ টাকা হিসাবে ১০ হাজার ডলারে হয় ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা)।
জাহিদ হোসেন বলেন, বিশ্বব্যাংক, এডিবি বা আইডিবি থেকে বাংলাদেশ বছরে বড়জোর ৩০০ কোটি ডলার ঋণ পায়। আবার কয়লাভিত্তিক বিদ্যুতের মতো অনেক প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করে না। এআইআইবি হওয়ায় ভালোই হলো, এ ধরনের প্রকল্পে ঋণ মিললে বাংলাদেশই লাভবান হবে।
অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানান, একটি বিষয় খুবই আমলে নেওয়ার মতো, আর তা হচ্ছে ঋণের সুদের উচ্চ হার। এআইআইবির প্রেসিডেন্ট এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ঋণ দেওয়া হবে বাজারভিত্তিক সুদে। জাহিদ হোসেন বলেন, এআইআইবি থেকে নেওয়ার আগে অন্য কোথাও থেকে ঋণ পাওয়ার চেষ্টা করতে হবে।