এআইআইবির প্রথম ঋণ দেশের বিদ্যুৎ খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে বাংলাদেশ প্রথম ঋণ পাচ্ছে বিদ্যুৎ খাতের উন্নয়নে। ঋণের পরিমাণ ১৬ কোটি ৫০ লাখ ডলার। প্রতি ডলার ৭৯ টাকা হিসাবে তা ১ হাজার ৩০৩ কোটি ৫০ লাখ টাকা।
এ বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ছয় মাসের মাথায় গত সপ্তাহে অনুষ্ঠিত এআইআইবির পর্ষদ বৈঠকে বাংলাদেশকে এ ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এআইআইবি থেকে নেওয়া ঋণের সুদ হবে লন্ডন আন্তব্যাংক হারের (লাইবর) সঙ্গে আরও ১ দশমিক ১৫ শতাংশ এবং ঋণ পরিশোধ করতে হবে ২৫ বছরের মধ্যে। এই সময়ে পরিশোধ করতে না পারলে আরও পাঁচ বছর বাড়তি সুযোগ পাবে বাংলাদেশ।
ইআরডি সূত্র জানায়, বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে ব্যবহার করা হবে এ ঋণ। এর মধ্যে ঢাকার উত্তরাংশে মাটির ওপরে থাকা ৮৫ সার্কিট কিলোমিটার বিদ্যুতের সঞ্চালন লাইনকে মাটির নিচ দিয়ে নেওয়া হবে।
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এআইআইবির এই উদ্যোগকে স্বাগত জানান। যোগাযোগ করলে গতকাল শনিবার মুঠোফোনে তিনি বলেন, ‘দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, আরও বাড়বে। তাই বিদ্যমান সঞ্চালন লাইনের উন্নয়নের পাশাপাশি নতুন লাইন তৈরির জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার, ১৬ কোটি ৫০ লাখ ডলার সে তুলনায় কিছুই নয়।’
গত বছরের নভেম্বরে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন। সে সময় তিনি বাংলাদেশকে ঋণ প্রদানের আশ্বাস দেন। বাংলাদেশ এআইআইবির প্রতিষ্ঠাতা সদস্য।
বাংলাদেশ সাধারণত বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)—এসব আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা থেকে ঋণ নেয়। এআইআইবি গঠিত হওয়ায় বাংলাদেশের ঋণ নেওয়ার জন্য নতুন একটি বড় জায়গা তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এআইআইবির পর্ষদ বৈঠকে বাংলাদেশসহ চার দেশের জন্য মোট ৫০ কোটি ৯০ লাখ ডলারের ঋণ অনুমোদিত হয়। বাংলাদেশ বাদে ইন্দোনেশিয়ার জন্য ২১ কোটি ৬৫ লাখ ডলার, পাকিস্তানের জন্য ১০ কোটি ডলার এবং তাজিকিস্তানের জন্য ২ কোটি ৭৫ লাখ ডলারের ঋণ রয়েছে। বাকি তিন দেশে এআইআইবির সঙ্গে যৌথভাবে অর্থায়ন করবে বিশ্বব্যাংক, এডিবি ও যুক্তরাজ্যভিত্তিক ইউকেএইড।
পর্ষদ বৈঠকে প্রস্তাব অনুমোদনের পর এআইআইবির প্রেসিডেন্ট এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, উদ্বোধনের ছয় মাস পরই ঋণপ্রস্তাব অনুমোদন দেওয়া হলো।’
অবকাঠামো খাতে ঋণ দিতেই মূলত এআইআইবি গঠন করা হয়। ১০ হাজার কোটি ডলারের পরিশোধিত মূলধনের এক-তৃতীয়াংশই চীনের। সংস্থাটির বর্তমান সদস্য ৫৭। সংস্থাটি এশিয়া অঞ্চলে বছরে এক হাজার থেকে দেড় হাজার কোটি ডলার ঋণ দেবে।
বিশ্বব্যাংকের এক সমীক্ষায় বাংলাদেশের জন্য ছয়টি খাত চিহ্নিত করেছে। এতে বলা হয়, আগামী ১০ বছরের প্রত্যেক বছরে বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে দরকার ৭০০ থেকে ১ হাজার কোটি ডলার।
বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেনের পরামর্শ হচ্ছে, অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের উচিত হবে যার কাছ থেকে সম্ভব অনুদান ও নামমাত্র সুদে ঋণ চাওয়া। কারণ, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারকে অন্তত ৮ শতাংশে উন্নীত করতে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।