এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ডি জে পান্ডিয়ান ঢাকায় এসেছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আজ বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক করবেন তিনি। এআইআইবিতে যোগ দেওয়ার আগে তিনি ভারতের সরকারি কর্মকর্তা ছিলেন।
চীনের নেতৃত্বাধীন এআইআইবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে। বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য।
বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশের জন্য গত বছরের মাঝামাঝি ১৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন করে এআইআইবি পর্ষদ। এটা ছিল সংস্থাটির পর্ষদে প্রথম কোনো ঋণ অনুমোদন। অবশ্য বাংলাদেশের পাশাপাশি আরও তিনটি দেশও ওই বৈঠকে ঋণ পায়। বাংলাদেশের জন্য অনুমোদন হওয়া ঋণের অর্থ বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে ব্যবহার হওয়ার কথা।
এর আগে এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন ২০১৫ সালের নভেম্বরে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং বাংলাদেশকেই প্রথম ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)—এসব আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগী সংস্থা থেকে সাধারণত ঋণ নেয় বাংলাদেশ। এআইআইবি হওয়ায় স্বল্প সুদে বাংলাদেশের ঋণ নেওয়ার নতুন জায়গা তৈরি হয়। ‘সাশ্রয়ী দাম, উৎকৃষ্ট মান’ হলো এশিয়ার অবকাঠামো উন্নয়নে এআইআইবির বিনিয়োগ দর্শন।
এআইআইবি গঠন করা হয় মূলত অবকাঠামো খাতে ঋণ দেওয়ার জন্য। ১০ হাজার কোটি ডলারের পরিশোধিত মূলধনের এক-তৃতীয়াংশই চীনের।
দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নের ওপর বিশ্বব্যাংক ২০১৫ সালে যে সমীক্ষা করে, তাতে বলা হয় যে আগামী ১০ বছরের প্রত্যেক বছরে বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের দরকার পড়বে ৭০০ থেকে ১০০০ কোটি ডলার।